আজকাল ওয়েবডেস্ক: আইসিসির লেটেস্ট টেস্ট ব়্যাঙ্কিং প্রকাশের পর ভারতীয় ক্রিকেট শিবিরে বড় সুখবর। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল আইসিসি ব়্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে বিশ্বের মধ্যে অষ্টম স্থানে উঠে এসেছেন। 

দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছেন তিনিই। অন্যদিকে, তারকা পেসার জসপ্রীত বুমরা এখনও বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের আসন ধরে রেখেছেন। নতুন ব়্যাঙ্কিংয়ে শুভমান গিলের রেটিং পয়েন্ট ৭৪৩।

সম্প্রতি, মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই উত্থান গিলের। আফগানিস্তান টেস্টে অধিনায়ক হিসেবে প্রথম ইনিংসে ১৭৭ বলে ১২৬ রানের অনবদ্য শতরান করেছিলেন তিনি।

কেএল রাহুলের সেঞ্চুরির সঙ্গে গিলের শতরানের ইনিংসে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। পাহাড়প্রমাণ রানে একবার ব্যাট করে ফলো অন খাইয়ে আফগানদের হারিয়েছেন শুভমান গিলরা।

এদিকে, টেস্টে ব্যাটারদের র্যা ঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তিনি তাঁরই সতীর্থ জো রুটকে পিছনে ফেলে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারের মর্যাদা অর্জন করেছেন।

সম্প্রতি, লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ব্রুক। কঠিন ব্যাটিং পরিস্থিতিতে প্রথম ইনিংসে মূল্যবান অর্ধশতরান করেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে শূন্য রানে প্যাভিলিয়নের ফিরতে হয় তাঁকে।

তবুও এদিন ইংল্যান্ড ১১৫ রানের জয় তুলে নেয়। অন্যদিকে, দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯ রান করায় শীর্ষস্থান হারাতে হয়েছে জো রুটকে। বোলারদের র্যােঙ্কিংয়ে ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা।

আফগানিস্তানের বিরুদ্ধে মুল্লানপুর টেস্টে বিশ্রামে থাকলেও শীর্ষস্থান থেকে তাঁকে কেউই সরাতে পারেনি। ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবও ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।

তিনি এক ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বাদশ স্থানে। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়া ইনিংস এবং ৩০০ রানের বিশাল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

এদিকে লাল বলের ক্রিকেটে আপাতত ব্যস্ত সূচি অব্যাহত থাকছে। আগামী ১৭ জুন লন্ডনের কেনিংটন ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবারও মাঠে নামতে চলেছে ইংল্যান্ড।