আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ জিততে না জিততেই এল খারাপ খবর। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা হল অর্শদীপ সিংয়ের। কিন্তু কারণ? আমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে আইসিসির লেভেল ওভান অপরাধ ভেঙেছেন অর্শদীপ। আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৯ ধারা ভেঙেছেন অর্শদীপ। এই ধারার অর্থ খুব সামনে থাকা ক্রিকেটারের উদ্দেশে বল ছুঁড়েছেন তিনি। যা একেবারেই অর্থহীন।’
প্রসঙ্গত, নিউজিল্যান্ড ইনিংসের ১১ তম ওভারে ঘটনাটি ঘটে। অর্শদীপের ছোঁড়া বল প্রায় কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেলের গায়ে এসে লেগেছিল। যদিও ঘটনাটা বেশিদূর এগোয়নি। ম্যাচ শেষে দুই ক্রিকেটার করমর্দন করেন।
ম্যাচ শেষে অর্শদীপ বলেছিলেন, ‘খেলা শেষেই তিনি মিচেল মার্শের কাছে ক্ষমা চেয়ে নেন। আমার ছোঁড়া বলটা দুর্ভাগ্যবশত মিচেলের শরীরে গিয়ে লেগেছিল। এখানে আমার কোনওরকম উদ্দেশ্য ছিল না।’
এটা ঘটনা, কিন্তু মিচেলকে কেন বল ছুড়তে গেলেন অর্শদীপ? ভারতের তারকা বাঁ হাতি পেসার বলেন, ‘মিচেলকে সরি বলতে গিয়েছিলাম। আমার থ্রো বেশি রিভার্স সুইং করেছিল। আমি ওকে বলছিলাম, আমি ইচ্ছাকৃতভাবে ওকে বল মারিনি। আমার থ্রো অতটা রিভার্স সুইং করবে ভাবিনি।’
অর্শদীপকে বলতে শোনা গিয়েছে, ‘এই দলটা দুর্দান্ত। এই দলে প্রচুর ম্যাচ উইনার রয়েছে। শুরু থেকেই আমাদের মধ্যে বিশ্বাস ছিল যে আমরা পারব।’
বিশ্বজয়ের অনুভূতি কেমন? অর্শদীপ বলেন, ‘এখন আমার পক্ষে বলা সম্ভব নয় অনুভূতি কেমন। এখন ভালই লাগছে। কিন্তু আবেগটা যখন চলে যাবে তখন বুঝতে পারব।’
