আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে মহম্মদ সামি। গোড়ালির অস্ত্রোপচারের পর এখনও বাইশ গজে ফেরা হয়নি তারকা পেসারের। প্রথমে শোনা গিয়েছিল, ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরবেন তিনি। কিন্তু সেটা হয়নি। ঘরোয়া ক্রিকেটে খেলেই আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন করবেন মহম্মদ সামি। বাংলার রঞ্জি ট্রফির দলে তাঁর নাম রয়েছে। আশা করা যাচ্ছে, অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে যাবেন সামি। তার আগে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগ মাখানো পোস্ট করলেন সামি।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে প্রথমে মেয়ে আইরাকে বুকে টেনে নিতে দেখা যায় তারকা ক্রিকেটারকে। তারপর মেয়ের হাত ধরে শপিং মলে ঘুরে ঘুরে শপিং করান। জাপা-কাপড় থেকে শুরু করে জুতো, প্রসাধনী সরঞ্জামও কিনতে দেখা যায়। সেই ভিডিওতে একটি আবেগপ্রবণ ক্যাপশন দেন। সামি লেখেন, 'দীর্ঘদিন পর ওকে দেখায় সময় থেমে গিয়েছিল। তোমাকে খুব ভালবাসি, বেবো। কথায় তার ব্যাখ্যা করতে পারব না।' মুহূর্তের মধ্যে এই পোস্ট ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টায় ১.৬০ লক্ষ লোক এই পোস্ট লাইক করে। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে সামির। কিন্তু তাঁদের একটি মেয়ে রয়েছে। আদর করে তাঁকে বেবো ডাকেন সামি। দীর্ঘদিন পর মেয়ের সঙ্গে দেখা হয় তারকা ক্রিকেটারের। আর আবেগ চেপে রাখতে পারেননি। বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছেন সামি। কোনও তাড়াহুড়ো করতে চান না। ঘরোয়া ক্রিকেটকেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন ভারতের তারকা পেসার।
















