আজকাল ওয়েবডেস্ক: মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হতে চলেছেন হুমায়ুন কবীর। শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁকে ঐতিহ্যবাহী ক্লাবের সভাপতি ঘোষণা করা হবে। সেদিন মহমেডান তাঁবুতে উপস্থিত থাকবেন আম জনতা পার্টির প্রধান। হুমায়ুন কবিরকে সংবর্ধিত করা হবে। এদিন দুপুর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল। কিন্তু কর্তাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি। অবশেষে শুক্রবার বেশি রাতের দিকে আম জনতা পার্টির প্রধানকে ঘিরে জল্পনার অবসান ঘটে। সভাপতি হওয়া চূড়ান্ত হয়ে গেলেও, বাকি কয়েকটি বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথাবার্তা চলছে মহমেডান কর্তাদের।

কত শতাংশ শেয়ার তাঁকে দেওয়া হবে সেই নিয়ে কথাবার্তা চলছে। একইসঙ্গে ক্লাবের বাকি পদ নিয়েও আলোচনা চলছে। শোনা যাচ্ছে, ক্লাবের সচিব পদে নিজের কাছের লোককে নিয়ে আসতে চাইছেন হুমায়ুন কবীর। তবে সভাপতির পদ তাঁকে দেওয়া হলেও, বাকি পদ নিয়ে আলোচনা চলছে।স্বাভাবিকভাবেই কয়েকটি পদ নিজেদের দখলে রাখতে চাইছেন মহমেডান কর্তারা। সূত্রের খবর, কার্যনির্বাহী সভাপতির পদে থেকে যাবেন মহম্মদ কামারুদ্দিন। বেশ কয়েকদিন ধরেই সভাপতির পদ থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন আমিরউদ্দিন ববি। ক্লাব আইএসএল খেললেও, তিনি কোনও স্পনসর আনতে পারেননি। মূলত এই কারণেই পদ ছাড়ার কথা ভাবেন ববি। কয়েকদিন আগে মহমেডান তাঁবুতে একটি সাংবাদিক সম্মেলন করেন কর্তারা। সেখানে স্পনসর বা ইনভেস্টর আনার জন্য নওসাদ সিদ্দিকী, হুমায়ুন কবীরের দ্বারস্থ হন। 

অতীতে শেয়ার ছাড়া নিয়ে ইনভেস্টরদের সঙ্গে বিবাদ বাঁধে মহমেডান কর্তাদের। একে একে সব স্পনসর এবং ইনভেস্টর ক্লাবের সঙ্গ ছাড়ে। কিন্তু ক্লাব চালাতে হিমসিম খায় কর্তারা। সপ্তাহ দুয়েক আগে সাংবাদিক সম্মেলন করে ইনভেস্টরের আহ্বান জানানো হয়। সচিব রাজু আহমেদ বলেন, 'আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি কিছু লোক ইনভেস্টর নিয়ে আসতে চাইছে এবং ক্লাবকে সুষ্ঠভাবে চালানোর জন্য উদ্যোগ নিতে চাইছে। তাঁরা আরও ভালভাবে ক্লাবটাকে চালাতে চাইছে। আমাদের ট্রাস্টির তরফ থেকে নওশাদ সিদ্দিকীকে চিঠি দেওয়া হয়েছে। ক্লাব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রাস্টিদের বলেছি, ওদের তরফ থেকে উদ্যোগ নিতে। ওদের থেকে চিঠি নওশাদ সিদ্দিকীর কাছে গিয়েছে। দীপক সিংয়ের কাছেও গিয়েছে। হুমায়ুন কবীরকেও পাঠানো হয়েছে। যদি কেউ আগ্রহী হয়, আমরা তাঁদের স্বাগত জনাব। তাঁরা নিজেদের প্রস্তাব নিয়ে আসুক। তারপর আমরা এগোব।' নতুন সভাপতির হাত ধরে ক্লাবের বেহাল দশা কাটার আশায় মহমেডান কর্তারা।