আজকাল ওয়েবডেস্ক: আইপিএল নিয়ে বিস্ফোরক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রিলি রোসু। কোটিপতি লিগকে বলিউডের সিনেমার সঙ্গে তুলনা করেন তিনি। 

রোসুর এহেন মন্তব্য শোনার পরে সাংবাদিক বৈঠকে একই প্রশ্ন করা হয় জ্যাকব ওরামকে। সেই প্রশ্ন শোনার পরে ওরাম হাসিতে ফেটে পড়েন। 

রোসু বলেছিলেন, ''আইপিএল অনেক লম্বা টুর্নামেন্ট। তুলনায় পিএসএল অনেক ছোট টুর্নামেন্ট। এখানে প্রতিযোগিতা আরও মারাত্মক। আইপিএলের পাশে গোটা বলিউড আছে। তাই সেটা ক্রিকেটের থেকেও সিনেমা বেশি।''

রোসুর এহেন মন্তব্যের পরে আইপিএল বনাম পিএসএল বিতর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়। শুরু হয় বিতর্কও।  

ওরাম বলেন, ''দুই টুর্নামেন্ট একই রকম হলেও অনেক দিক থেকে আলাদা। আইপিএল প্রায় দ্বিগুণ লম্বা।''

ওরাম আরও বলেন, ''আমি আইপিএল-এ কোচিং করিনি। অনেক আগে খেলেছিলাম, আর এখন এটা এক বিশাল আকার ধারণ করেছে।''

পিএসএল -এ নিজের বর্তমান অভিজ্ঞতা প্রসঙ্গে ওরাম বলেন, ''এটা আমার প্রথম পিএসএল অভিজ্ঞতা। আমি উপভোগ করছি। ইসলামাবাদ ইউনাইটেডের দল, স্টাফ থেকে খেলোয়াড়—সবাই খুব আন্তরিক।'' 

তবে দর্শকের অভাব নিয়ে হতাশাও প্রকাশ করেন, ''আমি চাইতাম এখানে দর্শক থাকুক, যাতে সেই পরিবেশ ও উত্তেজনা তৈরি হয়।''

২০২৬ সালের পিএসএলে লাহোর ও করাচিতে ফোকলা স্টেডিয়ামে খেলা হচ্ছে। সাম্প্রতিক তেলের দামের বৃদ্ধির কারণে এমন ঘটনা ঘটছে। টুর্নামেন্টটি মূলত ছয়টি শহরে আয়োজনের পরিকল্পনা ছিল এবং উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

চলতি মরশুমে আইপিএল বনাম পিএসএল তুলনা বারবার সামনে এসেছে। অন্য একটি প্রেস কনফারেন্সে কুশল মেন্ডিসকেও অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়। তাঁকে জিজ্ঞাসা করা হয়, পিএসএল ২০২৫ ছেড়ে দেওয়ার পর আইপিএল  নিলামে অবিক্রিত থাকা নিয়ে তিনি অনুতপ্ত কিনা।

মেন্ডিস নিরাপত্তাজনিত কারণে পিএসএল ছেড়েছিলেন, পরে গুজরাট টাইটান্সে জস বাটলারের বদলি হিসেবে ৭৫ লক্ষ টাকায় যোগ দেন। তিনি প্রশ্ন শুনে হেসে ফেলেন। মিডিয়া ম্যানেজার হস্তক্ষেপ করেন।

এই ধরনের ঘটনাগুলোর মাধ্যমে আইপিএল বনাম পিএসএল বিতর্ক মাঠের ভিতর ও বাইরে, দুই জায়গাতেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।