আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের অন্যতম বড় ক্রিকেট অঘটনের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। শুক্রবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়েছে আয়ারল্যান্ড।

নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থ হয়। মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। 
ভারতের এমন হারের পর প্রাক্তন ওপেনার সদগোপন রমেশ তীব্র সমালোচনা করেছেন। তাঁর দাবি, ভারতীয় ক্রিকেটাররা আয়ারল্যান্ড সফরকে খুব হালকাভাবে নিয়েছিলেন। 

তিনি বলেন, ''স্পষ্টই বোঝা যাচ্ছিল ভারত ম্যাচটা খুব ক্যাজুয়ালি নিয়েছিল। তারা ভেবেছিল আয়ারল্যান্ড সিরিজ সহজেই জিতে যাবে। কিন্তু আয়ারল্যান্ড বুঝিয়ে দিয়েছে, এটা কোনও পিকনিক নয়।''

রমেশের মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকেই বেশি গুরুত্ব দিয়েছিল ভারত। আয়ারল্যান্ড সিরিজকে মূল পরিকল্পনার অংশ হিসেবে দেখা হয়নি বলেই এমন ফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রমেশ বলেন, ''আত্মবিশ্বাস ভাল, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কখনও ভাল নয়। ভারতকে এই হার থেকে শিক্ষা নিতে হবে।''

এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ভারতের। একই সঙ্গে প্রথমবার ভারতের হেড কোচ হিসেবে টি-টোয়েন্টি সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ থাকছে গৌতম গম্ভীরের সামনে।