আজকাল ওয়েবডেস্ক: আইএসএল জয়ের রেশ পুরোপুরি কাটেনি। তারমধ্যেই ঘোর সঙ্কটে ইস্টবেঙ্গল! সূত্রের খবর, লাল হলুদের সঙ্গে গাঁটছড়া ভেঙেছে ইমামি। যার ফলে ইস্টবেঙ্গলের আইএসএল ভবিষ্যৎ অনিশ্চিত। দেশের একনম্বর লিগ জেতায় এএফসি কাপে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছে ইস্টবেঙ্গল। কিন্তু ইমামির এই পদক্ষেপে সমস্যায় লাল হলুদ কর্তারা। যদিও ইমামি বা ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে কোনও ইনভেস্টর নেই ইস্টবেঙ্গলের। শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে গাঁটছড়া ভাঙার কথা জানিয়ে দিয়েছে ইমামি। ঘনিষ্ঠ মহলে লাল হলুদের এক শীর্ষকর্তা জানান, আগামী মরশুমে ভারতীয় ফুটবলের রোডম্যাপ নিয়ে অসন্তুষ্ট ইমামির কর্তারা। সেই কারণেই সরে যাওয়ার সিদ্ধান্ত। 

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, আগামী মরশুমে থাকবে না ইমামি। প্রধান ইনভেস্টরদের সঙ্গে গাঁটছড়া ভাঙবে ইস্টবেঙ্গলের। এই প্রসঙ্গে ক্লাব এবং ইমামির কর্তাদের প্রশ্ন করে হলে, কোনও পক্ষই সদত্তর দেয়নি। আইএসএল জেতার রাতে ইমামি কর্তা বিভাস আগরওয়াল বলেন, 'এমন সাফল্যের দিনে আমার এটা নিয়ে ভাবতে চাই না। তবে আগামী মরশুমে ভারতীয় ফুটবলের রোডম্যাপ দেখতে হবে।' এই প্রসঙ্গে কোনও কথা বলতে চাননি আদিত্য আগরওয়ালও। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, 'ইমামি তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চাইলে, আলোচনা করবেন।' কিন্তু শোনা যাচ্ছে, শেষপর্যন্ত ভেঙে গেল গাঁটছড়া। মাত্র দু'দিন আগে, মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নতুন ফুটবল মরশুমের রোডম্যাপ পেশ করা হয়। তার ৪৮ ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গলের প্রধান ইনভেস্টরের সরে যাওয়ার খবর। 

এমন যে হতে পারে, তার একটা আভাস আগেই পাওয়া গিয়েছিল। গত বৃহস্পতিবার, ঈদের দিন বিকেলে বাইপাসের ধারে ইমামি হাউজে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন ইমামি কর্তারা। দীর্ঘ সময় ধরে বৈঠক চলে। তার দিন তিনেকের মধ্যেই ইস্টবেঙ্গলকে বিদায় জানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেন অস্কার ব্রুজো। সোশ্যাল মিডিয়ায় লাল হলুদ সমর্থকদের উদ্দেশে বিদায়ী বার্তা দেন আইএসএল জয়ী কোচ। মরশুম চলাকালীনই ইস্টবেঙ্গল ছাড়ার কথা জানিয়েছিলেন অস্কার। কিন্তু আইএসএল জয়ের পর জানান, ১ জুন পর্যন্ত ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করবেন। তারমধ্যে কোনও কথাবার্তা না হলে, ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেবেন। শেষপর্যন্ত সেটাই করেন। নতুন মরশুমের জন্য প্লেয়ারদেরও সই শুরু হয়নি। একরাশ অনিশ্চয়তার মধ্যে কলকাতা ছাড়েন এজেজ্জারি, রশিদ, মিগুয়েলরা। তারমধ্যে ইমামির সরে যাওয়ার খবর বড় ধাক্কা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ইস্টবেঙ্গলে লগ্নি করতে রাজি হয়েছিল ইমামি। সূত্রের খবর অনুয়ায়ী, এই মুহূর্তে ইনভেস্টরবিহীন ইস্টবেঙ্গল। নতুন ইনভেস্টরের খোঁজে বর্তমান সরকারের দ্বারস্থ হবেন লাল হলুদ কর্তারা?