আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ জিতে উঠে তিনি বলেছিলেন আরও দশ বছর তাঁর মধ্যে ক্রিকেট রয়েছে। আর এই দশ বছরে তিনি আরও দশটি ট্রফি জিতবেন।
তিনি হার্দিক পাণ্ডিয়া। তাঁর ছেলেবেলার আইডল কে? দেশের তারকা অলরাউন্ডার বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে জানিয়েছেন তাঁর পছন্দের আইকনের নাম।
তিনি দেশের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। এই পর্যন্ত পড়ে অনেকেই অবাক হতে পারেন। হর্ষ ভোগলে দেশের তারকা অলরাউন্ডারের কাছে জানতে চেয়েছিলেন তাঁর আইকন কে? হার্দিকের উত্তরে অনেকেই বিস্মিত হন।
২০১৬ সালের জানুয়ারিতে হার্দিকের অভিষেক ঘটে দেশের জার্সিতে। সেটা ছিল টি-টোয়েন্টি ম্যাচ। কিন্তু ওয়াসিম জাফর তাঁর পছন্দের ক্রিকেটার কেন, সেই প্রসঙ্গে বিস্তারিত অবশ্য বলেননি হার্দিক।
জাফর ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশের হয়ে খেলেছিলেন। ৩১টি টেস্ট ম্যাচ আর ২টি ওয়ানডে ম্যাচ তিনি খেলেন। টেস্টে ১৯৪৪ রান করেন তিনি। তার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি। তাঁর আন্তর্জাতিক কেরিয়ার স্বল্পমেয়াদি হলেও ঘরোয়া ক্রিকেটে ছাপ ফেলে রেখেছেন। মুম্বই ও বিদর্ভের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন জাফর। দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়াসিম জাফর সাড়া জাগানো এক নাম। এমন এক ক্রিকেটারকে হার্দিক যে আইডল করবেন তাতে আর অবকা হওয়ার কী আছে!
