আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিনের চোটের সমস্যাকে পিছনে ফেলে আবারও বড় মঞ্চে পদক জিতলেন ভারতের জ্যাভলিন তারকা সোনার ছেলে নীরজ চোপড়া। শুক্রবার গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে পুরুষদের জ্যাভলিন বিভাগে রুপোর পদক জিতেছেন তিনি।

তবে পদক জয়ের আনন্দের মধ্যেও নিজের শারীরিক ও মানসিক লড়াইয়ের কথা খোলাখুলিভাবে স্বীকার করেছেন নীরজ। প্রায় এক বছর পর বড় মাপের কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পদক জিতে ফিরলেন ২৮ বছরের এই ভারতীয় অ্যাথলিট।

যদিও এদিন তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৮৩ মিটার। নিজের দ্বিতীয় এই দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে পদক নিয়ে আসেন তিনি। এই পারফরম্যান্স তাঁকে রুপোর পদক এনে দেয়। সোনা জিতেছেন শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাথিরাগে, যিনি ৮৯.৭৫ মিটার ছুড়ে প্রথম হন।

অন্যদিকে ভারতেরই যশ ভির সিং শেষ প্রচেষ্টায় ব্যক্তিগত সেরা ৮৫.৪১ মিটার ছুড়ে ব্রোঞ্জ জিতে ভারতের জন্য ডাবল পডিয়াম নিশ্চিত করেন। তবে নীরজের কাছে এই রুপোর পদক শুধু একটি সাফল্য নয়, বরং দীর্ঘ সময়ের পর চোট থেকে ফিরে এসে পদক জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি।

গত বছরের সেপ্টেম্বর থেকে কোমরের নীচের অংশের চোটে ভুগছিলেন তিনি। সেই কারণেই দীর্ঘ সময় প্রতিযোগিতার বাইরে থাকতে হয়েছিল। জুন মাসে দোহা ডায়মন্ড লিগে প্রতিযোগিতায় ফিরলেও এখনও পুরোপুরি আত্মবিশ্বাস ফিরে পাননি বলেই জানিয়েছেন তিনি।

প্রতিযোগিতা শেষে নীরজ বলেন, ‘আমার কামব্যাক এবং রিহ্যাব ভালই হচ্ছে। আমি ঠান্ডার মধ্যে খুব একটা ভাল পারফর্ম করতে পারি না, শেষ পর্যন্ত আমি ভারতীয়ই। তবে আবার পোডিয়ামে ফিরতে পেরে খুব ভালো লাগছে। ধীরে ধীরে পরিশ্রমের ফল পাচ্ছি।’

সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজের শরীরের ওপর আবার ভরসা করতে শেখা। সেই প্রসঙ্গে নীরজ বলেন, ‘আমি এখনও পুরোপুরি ফিট নই। চোট থাকলে মনে ভয় কাজ করে। আজও রান-আপ শুরু করার সময় ভয় পাচ্ছিলাম। খুব জোরে দৌড়াতে চাইনি। শরীরকে নিয়ন্ত্রণে রেখেই থ্রো করেছি। তবে শেষ পর্যন্ত থ্রো ভাল হয়েছে।’

প্রতিযোগিতায় নীরজের রান-আপেও সতর্কতার ছাপ স্পষ্ট ছিল। সাধারণত যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে দৌড় শুরু করেন, এদিন তা দেখা যায়নি। বরং শরীরের উপর অতিরিক্ত চাপ না পড়ে, সেদিকেই বেশি নজর দিয়েছিলেন তিনি।

তবে ভারতীয় তারকার বিশ্বাস, আগামী দিনে আরও উন্নতি হবে। সামনে রয়েছে ডায়মন্ড লিগ এবং এশিয়ান গেমস। সেই লক্ষ্যেই ধীরে ধীরে নিজের পুরনো ছন্দে ফিরতে চান তিনি।

নীরজ বলেন, ‘এখনও বলতে পারব না যে আমার ফিটনেস আগের মতো হয়ে গেছে। তবে ধীরে ধীরে সেই জায়গায় পৌঁছচ্ছি। এশিয়ান গেমসের আগে এখনও সময় রয়েছে। তার আগে ডায়মন্ড লিগেও খেলব। আশা করছি, এক একটা প্রতিযোগিতায় নামার সঙ্গে সঙ্গে আরও উন্নতি হবে।’