আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া টিম ইন্ডিয়ার জন্য বড় সেটব্যাক। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিটনেস সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও কোনও ঝুঁকি নিতে চায়নি ভারতীয় নির্বাচক মণ্ডলী। তাঁর বদলি হিসেবে হর্ষিত রানাকে নেওয়া হয়। এই পরিবর্তন মেনে নিয়েছে ফ্যানরা। কারণ বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সম্পূর্ণ ফিট হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। তবে মহম্মদ সিরাজকে না নেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি যশস্বী জয়েসওয়ালের জায়গায় বরুণ চক্রবর্তীর দলে সুযোগ পাওয়া নিয়ে ক্ষিপ্ত ভারতীয় ফ্যানরা। এই পরিবর্তনের পেছনে টিম ম্যানেজমেন্টের যুক্তি থাকলেও, সেটা মানতে পারেনি ভক্তরা। 

মঙ্গলবার বেশি রাতে বুমরা এবং যশস্বীর বাদ পড়ার খবর জানায় বিসিসিআই। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। কাঠগড়ায় বসানো হচ্ছে গৌতম গম্ভীর এবং রোহিত শর্মাকে। দলে অভিজ্ঞ পেসারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মহম্মদ সামি থাকলেও, সদ্য চোট থেকে ফিরেছেন। মহম্মদ সিরাজকে রাখা হয়নি। অর্শদীপ সিং মাত্র আটটি একদিনের ম্যাচ খেলেছেন। হর্ষিত রানা মাত্র দুটি। এই নিয়ে প্রশ্ন তোলা হয়। একজন দাবি করেন, গম্ভীর আগে থেকেই জানতেন বুমরা ফিট হতে পারবে না। ইচ্ছাকৃতভাবে সিরাজকে বাদ দেওয়া হয়, যাতে সুযোগ পায় হর্ষিত। আরেকজন লেখেন, 'সবাই জানে গম্ভীর রানাকে পছন্দ করে। ওর প্রতিভা আছে। তবে সিরাজের টেস্ট পারফরম্যান্সের ভিত্তিতে একদিনের দল থেকে বাদ দেওয়া যুক্তিহীন। সেটা হয়েছে শুধুমাত্র নিজের পছন্দের প্লেয়ারকে খালনোর জন্য।' সোশ্যাল মিডিয়ায় দাবি, গম্ভীর-রোহিতের রাজনীতিতে ক্ষতিগ্রস্থ হচ্ছে দল।