আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর সাদা বলের ক্রিকেটে শুরুতেই হোঁচট খেয়েছিল ভারত। এবার আয়ারল্যান্ডের কাছে সিরিজ হার। ইতিহাসে প্রথম। গম্ভীরের তুলোধোনা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ফেভারিট হিসেবে আয়ারল্যান্ডে গিয়েছিল টিম ইন্ডিয়া। যেভাবে হেরেছে ভারত, সমালোচনার অঢেল জায়গা রয়েছে। মূলত দুটি বিষয় নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। প্রথমত, টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা। দ্বিতীয়ত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচে দল নির্বাচন। 

দুটি ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে ভারত। সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের মুণ্ডুপাত করা হচ্ছে। ভারতের হেড কোচের কটাক্ষ করে আইসল্যান্ড ক্রিকেট। জানিয়ে দেওয়া হয়, আয়ারল্যান্ডের বিরুদ্ধে এমন রেজাল্টের পর, তাঁরা গম্ভীরকে কোনওদিন তাঁদের কোচিং স্টাফে চাইবে না। নিজেদের এক্স হ্যান্ডেলে আইসল্যান্ড ক্রিকেট লেখে, 'আমরা নিশ্চিতভাবে বলতে পারি, গৌতম গম্ভীরকে আমরা কোচিং স্টাফে চাই না। ওর প্রতিভা থাকা সত্ত্বেও। এই প্লেয়ারদের নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এমন রেজাল্টের পর, ওর উপহার পাওয়া উচিত।' 

গম্ভীরের স্ট্রাটেজি নিয়ে সমালোচনা করেন সঞ্জয় মঞ্জরেকরও। তাঁর দাবি, পার্ট টাইম অলরাউন্ডারদের নিয়ে দল ভরিয়ে না দিয়ে, ভারতের একজন ভাল মিডল অর্ডার ব্যাটার দরকার। নিজের এক্স হ্যান্ডেলে মঞ্জরেকর লেখেন, 'গম্ভীরের অধীনে দলে একাধিক অলরাউন্ডার নেওয়া হচ্ছে। ভারতের একজন আদর্শ মিডল অর্ডার ব্যাটার দরকার।' ভারতীয় ব্যাটারদেরও সমালোচনা করেন। দেশের মাটিতে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে দাপট দেখায় ব্যাটাররা। কিন্তু যে পিচে বোলারদের সাহায্য পায়, সেখানে ব্যাট করতে পারছে না। ভারতের প্রাক্তন তারকা মনে করেন, এইধরনের চ্যালেঞ্জিং কন্ডিশনে ব্যাট করার জন্য আদর্শ শুভমন গিল। 

আলোচনায় মঞ্জরেকর বলেন, 'শুভমন গিল বর্তমানে টি-২০ ব্যাটার হয়ে গিয়েছে। দারুণ আইপিএল গিয়েছে। আমি অধিনায়কত্বের কথা বলছি না, তবে এদের ধীরে ধীরে টি-২০ দলে নিয়ে আসতে হবে। কারণ তাঁদের ব্যাটিং গভীরতা বেশি। এইধরনের কন্ডিশনে খেলতেও অভ্যস্ত। যেমন আমরা ইংল্যান্ডে দেখেছিলাম। এই মুহূর্তে না হলেও, ভবিষ্যতে গিলকে টি-২০ দলে ফেরানো উচিত।' আয়ারল্যান্ড সিরিজ অতীত। এবার ফোকাসে ইংল্যান্ড সিরিজ। ১ জুলাই থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ।