আজকাল ওয়েবডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ইতিহাস গড়েন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই নিজের প্রথম টি-২০ তে অর্ধশতরান করে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এই কীর্তির মালিক হন। ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করে আবার নজর কেড়েছেন বাঁহাতি ব্যাটার। এর আগে ভারতের হয়ে প্রথম তিনটি টি-২০ ম্যাচে যথাক্রমে ১৪, ১৩ এবং ১৫ রান করেছিলেন বৈভব। ইংল্যান্ড সফরে টানা তিনটি ইনিংসে ব্যর্থ হওয়ার পর তাঁকে পঞ্চম, তথা শেষ টি-২০ ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তনের পর সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন ভারতীয় নির্বাচক এবং ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, 'বৈভবের শট খেলার পরিধি অসাধারণ। অথচ ওর কোনও শটই বেপরোয়া বা অযথা ক্রসব্যাটে খেলা ছিল না। এই ছেলেটা সত্যিই বিশেষ প্রতিভা। মাত্র তিনটে ব্যর্থতার পর গৌতম গম্ভীর কীভাবে এত বড় ভুল করে ওকে দল থেকে বাদ দিলেন? এতে ওর আত্মবিশ্বাস ভেঙে যেতে পারত।' জিম্বাবোয়ে সফরে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর দলের সঙ্গে নেই। তাঁর পরিবর্তে দায়িত্ব সামলাচ্ছেন ভারতের প্রাক্তন তারকা এবং বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের দায়িত্বে থাকা ভিভিএস লক্ষ্মণ।
শ্রীকান্ত জানান, ইংল্যান্ড সফর শেষে বৈভব বাড়ি না ফিরে সরাসরি রাজস্থান রয়্যালসের শিবিরে যোগ দেন। সেখানে শর্ট বল খেলার ওপর বিশেষভাবে কাজ করেন। শ্রীকান্ত বলেন, 'ওকে আমি স্যালুট জানাই। ও বিশ্বকে প্রমাণ করতে চেয়েছে, ও সত্যিই বিশেষ প্রতিভা।' টানা তিনটি ব্যর্থতার পরও বৈভব যে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিংয়ের ধরণ বদলাননি, তারও প্রশংসা করেন শ্রীকান্ত। বলেন, '২৫০-র কাছাকাছি স্ট্রাইক রেটে এত সহজে রান করা অবিশ্বাস্য। অনেকেই দলে নিজের জায়গা বাঁচানোর জন্য রক্ষণাত্মক ক্রিকেট খেলত। কিন্তু বৈভব কোনও ভয় না পেয়ে নিজের স্বাভাবিক খেলাই খেলেছে। মাত্র ১৮ বলে অর্ধশতরান করা যেন ওর কাছে এখন স্বাভাবিক ব্যাপার। এটাই ওর বিশেষত্ব।' শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে নামবে ভারত। এদিন জিতলেই শ্রেয়স আইয়ারের নেতৃত্বে প্রথম সিরিজ জিতবে টিম ইন্ডিয়া।
















