আজকাল ওয়েবডেস্ক: ৮ মার্চ পরপর দু'বার টি-২০ বিশ্বকাপ জয়ে ইতিহাসের পাতায় নাম লেখায় টিম ইন্ডিয়া। ঠিক চার মাস, চার হারের পরে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে একের পর এক খারাপ পারফরম্যান্স। পাঁচ ম্যাচের মধ্যে চারটেতে হার। একটি পরিত্যক্ত। নতুন অধিনায়কের নেতৃত্বে এখনও জয়ের খাতা খুলতে পারেনি ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ এবং দু'মাসের আইপিএলে খেলার পর, ইংল্যান্ডের পিচের সঙ্গে মানাতে পারছে না ভারতীয় ব্যাটাররা। হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছে বোলাররা। এক কথায়, বিশ্বচ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করে ছেড়েছে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড। ব্যাটিং অর্ডার নিয়ে তর্ক রয়েছে। দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। এমন সময় নিজের ট্রানজিশন কাহিনি ফেরালেন গম্ভীর।

এই প্রথমবার পরপর চার টি-২০ তে হার। ভারতের জন্য রিয়ালিটি চেক। কিন্তু বিষয়টিকে বড় করে দেখতে চান না গৌতম গম্ভীর। দাবি, এই ফরম্যাটে টিম ইন্ডিয়া 'রিসেট' বাটন টিপেছে। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ফাইনাল খেলা একাধিক প্লেয়ার এই দলে নেই। যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। হার্দিক পাণ্ডিয়ার চোট রয়েছে। সূর্যকুমার যাদবকে ছেঁটে ফেলা হয়েছে। প্রথম একাদশে নেই সঞ্জু স্যামসন। গম্ভীর বলেন, 'আমরা ভাল খেলতে পারিনি। এইটুকুই। চার ম্যাচ পরে আমরা খারাপ দল হয়ে যাই না, তাই না? দল রিসেটের মধ্যে দিয়ে গেলে, একটু সময় লাগে। একজন ১৫ বছরের ক্রিকেটার ওপেন করছে। দ্বিতীয় টি-২০ খেলছে প্রিন্স যাদব। হর্ষিত রানা চোট থেকে ফিরছে। আমরা শুধু রেজাল্ট দেখি। মানছি আন্তর্জাতিক ক্রিকেটে রেজাল্ট গুরুত্বপূর্ণ। তবে আমাদের বাস্তবাদীও হতে হবে। কখনও প্লেয়ারদের তৈরি হওয়ার জন্য সময় দিতে হবে। ইংল্যান্ড কোয়ালিটি দল। এমন দলের সঙ্গে খেলতে হলে, কিছুটা সময় দরকার প্লেয়ারদের। কারণ রিসেটের পর সময় লাগে।' 

২০২৪ বিশ্বকাপ জয়ের পর থেকে সংক্ষিপ্ত ফরম্যাটে একচেটিয়া রাজ ছিল টিম ইন্ডিয়ার। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেই ২০২৬ সালে আবার টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। কিন্তু তারপরই অধঃপতন। অধিনায়ক বদলের পর এখনও জয়ের মুখ দেখেনি ভারত। বিদেশের মাটিতে ব্যর্থতা ঢাকতে এবার গম্ভীরের 'রিসেট' এর নতুন অজুহাত। অতীতেও ট্রানজিসনের কথা বলেছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। কিন্তু প্রশ্ন হল, পরিস্থিতি অনুযায়ী সেটা নিজেদের ব্যর্থতা ঢাকতে ব্যবহার করেন গম্ভীর।

সব খারাপের মধ্যে একটিই ইতিবাচক দিক, প্রিন্স যাদব। বল হাতে নজর কাড়েন। উঠতি পেসারের প্রশংসায় ভারতের হেড কোচ। প্রিন্স যাদব প্রসঙ্গে গম্ভীর বলেন, 'প্রিন্স নিজের কেরিয়ার ভালভাবে শুরু করেছে। বিশেষ করে এদিন। কারণ এমন ব্যাটিং কন্ডিশন এবং এই লাইন আপের বিরুদ্ধে ভাল খেলেছে। তবে ওর উন্নতির এখনও অনেক জায়গা আছে। ষষ্ঠ ওভারে হোক বা ১৯তম ওভার, নিজের দ্বিতীয় টি-২০ তে এমন পারফরম্যান্স প্রশংসাযোগ্য। আগামীতে উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আশা করব ও কঠোর পরিশ্রম চালিয়ে যাবে।' বৃহস্পতিবার চতুর্থ টি-২০। হারলেই সিরিজ খোয়াবে ভারত।