আজকাল ওয়েবডেস্ক: এতদিন বৈভব সূর্যবংশীর না সুযোগ পাওয়া নিয়ে চর্চা চলছিল। এবার সঞ্জু স্যামসনের বাদ পড়া নিয়ে সওয়াল উঠতে শুরু করেছে। একদিন আগেই জিম্বাবোয়ে সিরিজের দল ঘোষণা করা হয়েছে। তাতে উল্লেখযোগ্য পরিবর্তন, সঞ্জুর বাদ পড়া। ইংল্যান্ড সিরিজে খেলা বাকি সব ব্যাটাররা থাকলেও, নেই কেরলের উইকেটকিপার ব্যাটার। এটাই জল্পনার সৃষ্টি করেছে। যদিও বিসিসিআই স্যামসনের বাদ পড়ার কারণ জানায়নি। তবে ইংল্যান্ড সিরিজের দল থেকে যে ছয়জন ক্রিকেটার বাদ পড়েছে, তার মধ্যে আছে টি-২০ বিশ্বকাপের ম্যাচে সেরা। তাঁর জায়গায় দ্বিতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে নেওয়া হয় প্রভসিমরন সিংকে। পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে নজর কাড়েন তিনি। সেই দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। হয়ত তাঁর সুপারিশেই নেওয়া হয়েছে প্রভসিমরনকে। ২০২৩ এশিয়ান গেমসে ভারতীয় দলে ছিলেন তিনি।
ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় টি-২০ ম্যাচে সঞ্জুর জায়গায় সুযোগ পান সূর্যবংশী। ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয় ১৫ বছরের বিস্ময় বালকের। ছাপিয়ে যান শচীন তেন্ডুলকারকে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের প্রথম তিন ম্যাচে ব্যর্থ হওয়ায়, স্যামসনকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শেষপর্যন্ত তাঁর জায়গায় বৈভবকে সুযোগ দেওয়া হয়। টি-২০ বিশ্বকাপের শেষদিকে জ্বলে ওঠেন উইকেটকিপার ব্যাটার। সিরিজ সেরা হন। আইপিএলেও ফর্মে ছিলেন। জোড়া শতরান করেন। কিন্তু ১৫ বছরের বৈভবকে আরও বেশি সুযোগ দেওয়ার জন্য হয়ত বাদ দেওয়া হয়েছে সঞ্জুকে।
বোর্ডের এক সূত্র বলেন, 'সঞ্জুকে জিম্বাবোয়ে সফরে বিশ্রাম দেওয়া হয়েছে শুনে কেন অবাক লাগছে? যারা এগুলো বলছে, তাঁদের জানা উচিত সেপ্টেম্বরে এশিয়ান গেমসের দলে আছে সঞ্জু। যারা নির্বাচকদের সমালোচনা করছে, তাঁদের একটু হোমওয়ার্ক করা উচিত। যখন ওকে খেলানোই হবে না, বয়ে নিয়ে যাওয়ার কোনও মানে হয় কি? ও একজন সিনিয়র ক্রিকেটার।' সঞ্জু ছাড়াও প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণোইকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে হর্ষিত, প্রসিদ্ধ এবং ওয়াশিংটন ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে আছে। রিঙ্কু সিং এবং মায়াঙ্ক যাদব টি-২০ দলে কামব্যাক করেছে। জিম্বাবোয়ে সফরে ২৩, ২৫ এবং ২৭ জুলাই তিনটে টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
















