আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন। আবু ধাবির আইএলটি-টোয়েন্টিতে তিনি এই কীর্তি গড়েছেন। উল্লেখ্য, হাসারাঙ্গা এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম তিনশো উইকেট সংগ্রহ করলেন শ্রীলঙ্কার এই তারকা। ২০৯টি টি-টোয়েন্টিতে হাসারাঙ্গার উইকেট সংখ্যা ৩০১। তিন বার পাঁচ উইকেট এবং ৯ বার চার উইকেট নেন তিনি। ব্যাটের হাতও খারাপ নয় হাসারাঙ্গার। ২৩৩৫ রান করেছেন তিনি। তার মধ্যে ৯টি হাফ সেঞ্চুরি।
এর আগে অ্যান্ড্রু টাই দ্রুততম তিনশো উইকেট নিয়েছিলেন। ২১১ ম্যাচে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন অজি বোলার। আফগানিস্তানের রশিদ খান রয়েছেন তিন নম্বরে। ২১৩টি ম্যাচে তিনশো উইকেট নিয়েছেন আফগান তারকা।
