আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন পাকিস্তানি পেসার মহম্মদ আমির কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন? তাঁকে ঘিরে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আইপিএলে খেলার যোগ্যতা অর্জন করলেও, এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন আমির।
দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে খেলতে গিয়ে সাংবাদিকদের আমির বলেন, “২০২৭ সাল থেকে আমি পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলব। তবে আইপিএলে অংশ নেব কি না, সেটা এখনও জানি না।”
ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর আমিরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কেরিয়ারে নতুন সম্ভাবনার দরজা খুলেছে। এর আগে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পেয়েছেন। টি-টোয়েন্টি ব্লাস্টে নটিংহ্যামশায়ারের নটস আউটলজ এবং পরে দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের হয়ে তিনি ‘লোকাল প্লেয়ার’ হিসেবে খেলেছেন, ফলে সেখানে আর বিদেশি ক্রিকেটারের জায়গা দখল করতে হচ্ছে না।
আমির ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন তাঁর স্ত্রী নারজিস খানের মাধ্যমে। নারজিস ব্রিটিশ নাগরিক। প্রয়োজনীয় বসবাস ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর এখন তিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ব্রিটিশ পাসপোর্টধারী ক্রিকেটার হিসেবে খেলতে পারবেন।
তবে আইপিএলের দরজা খুলে গেলেও আপাতত কোনও তাড়াহুড়ো করতে চাইছেন না ৩৪ বছর বয়সি এই বাঁহাতি পেসার। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই তাঁর বর্তমান লক্ষ্য, এরপর ২০২৭ সালে পিএসএলে বিদেশি ক্রিকেটার হিসেবে ফিরবেন তিনি।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। পাকিস্তানের হয়ে তিনি খেলেছেন ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ। অন্যতম প্রতিভাবান বাঁহাতি পেসার হিসেবে পরিচিত আমির এখনও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে চাহিদাসম্পন্ন ক্রিকেটার।
















