আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ আমির আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। তার ফলে ভবিষ্যতে আইপিএলে খেলার সুযোগ পেতে পারেন। পাকিস্তানের প্রাক্তন এই বাঁ হাতি পেসার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ব্রিটিশ নাগরিক স্ত্রী নারজিস খানের মাধ্যমে তিনি যুক্তরাজ্যের পাসপোর্টের জন্য আবেদন করেছেন।

সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। আমির ইনস্টাগ্রাম স্টোরি পুনরায় শেয়ার করেন, যেখানে তাঁর নাগরিকত্ব পরিবর্তনের বিষয়ের উল্লেখ ছিল। 

ফলে এখন তিনি ব্রিটিশ ওভারসিজ খেলোয়াড় হিসেবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার সুযোগ পাবেন, 
যার মধ্যে আইপিএলও রয়েছে।

পাকিস্তানের এক টক শোয়ে আগেই আমির ইঙ্গিত দিয়েছিলেন, ব্রিটিশ পাসপোর্ট হাতে পেলে ২০২৬ সাল থেকে তিনি আইপিএলে খেলার যোগ্য হবেন। একই সঙ্গে সুযোগ পেলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে খেলতে আগ্রহী বলেও জানান তিনি।

আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ বন্ধ। আইপিএলের গোড়ার দিকে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলেছিলেন। তারপর আর কোনও পাকিস্তানি ক্রিকেটারকে আইপিএলে দেখা যায়নি।

প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার আজহার মেহমুদ ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ব্যতিক্রম হিসেবে আইপিএলে খেলেছিলেন। তিনি ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঞ্জাব কিংসের হয়ে খেলেন। পরে কলকাতার হয়েও মাঠে নামেন। ব্রিটিশ পাসপোর্ট থাকায় তাঁকে পাকিস্তানি নয়, ইংলিশ খেলোয়াড় হিসেবে রেজিস্ট্রেশন করা হয়েছিল।

৩৪ বছর বয়সী আমির পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নতুন বলে সুইং এবং মোক্ষম সময়ে কার্যকর বোলিংয়ের জন্য পরিচিত এই পেসার ভবিষ্যতে আইপিএলের নিলামে নাম লেখালে দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।