আজকাল ওয়েবডেস্ক: শুভমান গিল ফিট হয়ে ফিরলে ছেঁটে ফেলা হোক লোকেশ রাহুলকে। কিন্তু সরফরাজ খানের উপরে যেন কোনও অবিচার না হয়। প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি একপ্রকার বার্তাই পাঠালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে।
বেঙ্গালুরুতে চোটের জন্য বিশ্রাম দেওয়া হয় শুভমান গিলকে। সরফরাজ খান চার নম্বরে নেমে দেড়শো রান করেন। তিনি এবং ঋষভ পন্থ দ্বিতীয় ইনিংসে রুখে দাঁড়ান। তবুও হার এড়ানো যায়নি।
পরের দুটো টেস্ট ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে বাসিত আলি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''শুভমান গিল ফিট হয়ে ফিরলে সরফরাজের উপরে যেন অবিচার না হয়। কেএল রাহুলকে বিশ্রাম দেওয়া হোক। লোকেশ রাহুলকে নিয়ে সবাই খুব আশাবাদী, ওকে গুরুত্বও দেওয়া হয়, তবে সেই অনুযায়ী ওর পারফরম্যান্স কোথায়!দক্ষিণ আফ্রিকায় খুব ভাল করেছিল লোকেশ রাহুল। কিন্তু ঘরের মাঠে পারফরম্যান্স তুলে ধরতে পারেনি।''
চিন্নাস্বামীতে ভারতের দ্বিতীয় ইনিংসে সরফরাজ ও পন্থ ফিরে যাওয়ার পরে লোকেশ রাহুলের উপরে অনেক কিছু নির্ভর করেছিল। কিন্তু লোকেশ রাহুল চূড়ান্ত ব্যর্থ হন। বাসিত বলছেন, ''সরফরাজ ও পন্থ ফিরে যাওয়ার পরে কেএল রাহুলের উপরে অনেক কিছু নির্ভর করছিল। লোকেশ রাহুল অনেক টেস্ট খেলেছে। সবারই খুব প্রিয় পাত্র। যদিও লোকেশ রাহুল আমাকে কিন্তু হতাশই করেছে।''
