আজকাল ওয়েবডেস্ক: চলে গেলেন স্বপন সাধন বসু, ওরফে টুটু বসু। রাত ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়দানের এই ডাকাবুকো কর্তা। বয়স হয়েছিল ৮০ বছর। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অবস্থা সঙ্কটজনক ছিল। ভেন্টিলেশনে রাখা হয়। মঙ্গলবার রাতে ফের হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন টুটু বসু। রেখে গেলেন দুই পুত্র সৃঞ্জয় বসু এবং সৌমিক বসুকে। বুধবার সকাল আটটায় মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাসভবনে। সেখান থেকে খিদিরপুর ক্লাব, ভবানীপুর ক্লাব হয়ে মোহনবাগান ক্লাবে। সকাল সাড়ে ১১টা নাগাদ মোহনবাগানে তাঁকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত ক্লাবেই থাকবে মরদেহ। উপস্থিত থাকবেন প্রাক্তন ফুটবলাররা। সমর্থকদের প্রিয় ছিলেন টুটু বসু। তাঁর প্রয়াণের খবর শুনে রাতেই সমর্থকের একটি দল হাসপাতালে পৌঁছে যায়। 

ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোহনবাগান রত্ন টুটু বসু। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথম থেকেই ভেন্টিলেশনে রাখা হয়। কড়া পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। কিন্তু রাতের দিকে অবস্থার অবনতি ঘটে। ফের হৃদরোগে আক্রান্ত হন মোহনবাগানের প্রাক্তন সভাপতি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। মাঝেমধ্যে শয্যাশায়ীও হয়ে পড়েন। কিন্তু তারমধ্যেও ছিল দাপট। গতবছর মোহনবাগানের নির্বাচনে অন্যতম প্রধান ভূমিকা নেন। শেষদিকে বাইরে খুব বেশি বেরোতে না পারলেও, হুঙ্কারেই বাজিমাত করতেন। মোহনবাগান সাপোর্টারদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন। রসবোধ ছিল অসামান্য। যা দিয়ে অনেক কঠিন পরিস্থিতি জয় করতেন। ক্লাবের দুঃসময় একাই ঢাল হয়ে দাঁড়িয়ে থাকেন। মোহনবাগান ক্লাবের প্রতি ভালোবাসা থেকে কোটি কোটি টাকা ব্যয় করেন। একসময় মোহনবাগানের 'মুশকিল আশান' ছিলেন টুটু বসু। 

মঙ্গলবার সকালে টুটু বসুর অসুস্থতার খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফোনে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছে খোঁজখবর নেন সদ্য রাজ্যের ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব পাওয়া মন্ত্রী নিশীথ প্রামাণিক। হাসপাতালে গিয়ে টুটু বসুর খোঁজ নেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবল মহল। ময়দান হারাল এক ডাকাবুকো দাপুটে প্রশাসককে। অবসান হল একটি যুগের। মোহনবাগানের ক্যান্টিন তাঁর নামে হোক চেয়েছিলেন টুটু বসু। আগের বছর মোহনবাগান দিবসে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেটা আর দেখে যাওয়া হল না।