আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের সোনালি যুগের দুই গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ সিং ও মহেন্দ্র সিং ধোনি দীর্ঘদিন একসঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন। 

ধোনির নেতৃত্বে ভারত বিশ্বজয় করেছিল ২০১১ সালে। তার আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত। দু'বারই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন যুবরাজ।

সম্প্রতি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের সঙ্গে এক পডকাস্টে নানা বিষয়ে খোলামেলা কথা বলেন যুবরাজ। সেখানে র‌্যাপিড-ফায়ার পর্বে নিজের পছন্দ-অপছন্দ তুলে ধরেন যুবি।
 
যুবরাজ জানান, তাঁর কাছে খেলার এবং দেখার জন্য সবচেয়ে প্রিয় ফরম্যাট টেস্ট ক্রিকেট। জীবন-মরণ পরিস্থিতিতে ব্যাটিং পার্টনার হিসেবে তিনি বেছে নেবেন শচীন তেণ্ডুলকরকে। প্রিয় ব্যাটিং পার্টনার হিসেবে অবশ্যই তিনি নাম করেন ধোনির।

ব্যক্তিগত পছন্দের কথাও জানান যুবরাজ। তাঁর প্রিয় সিনেমা ফোর্ড বনাম ফেরারি। প্রিয় অভিনেতা রণবীর কাপুর ও শাহরুখ খান। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে খেলতে তিনি পছন্দ করেন। ক্রিকেটের বাইরে তাঁর প্রিয় খেলা গলফ।

ফুটবল নিয়েও নিজের মতামত দেন যুবরাজ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের  ভক্ত তিনি। রুড ভ্যান নিস্তেলরয় ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পছন্দ করতেন। বর্তমানে তাঁর পছন্দ ব্রুনো ফার্নান্দেজ। 
সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত একটি ঘটনা নিয়েও মুখ খোলেন যুবরাজ। 

আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি ছ'টি ছক্কার জন্য তাঁকে গাড়ি উপহার দিয়েছিলেন বলে প্রচলিত গল্প রয়েছে। এ বিষয়ে যুবরাজ জানান, প্রথমে তাঁকে ফেরারি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে পোর্শে ৯১১-এর কথা বলা হয়। তবে শেষ পর্যন্ত তিনি পান একটি বিএমডব্লিউ এণ৫। 

যুবরাজের কথায়, “ললিত মোদি শেষ পর্যন্ত আমাকে গাড়ি দিয়েছিলেন। তিনি তাঁর প্রতিশ্রুতি রক্ষা  করেছেন।''