আজকাল ওয়েবডেস্ক: আর দু'সপ্তাহ পরে শুরু আইপিএল। তার আগে রোহিত শর্মাকে বিশেষ বার্তা দিলেন আকাশ চোপড়া। দাবি করেন, আইপিএলের ম্যাচগুলোতে পুরো সময়টাই মাঠে থাকা উচিত রোহিতের। শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলা উচিত না। ভারতের প্রাক্তন ক্রিকেটার মনে করেন, রোহিতের মতো ফিট ক্রিকেটারের পুরো ম্যাচ মাঠে থেকে অবদান রাখা উচিত, শুধু ব্যাটার হিসেবে না। চোপড়া বলেন, 'ফিট থাকলে পুরো ম্যাচ খেলা উচিত, শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে না। বিশেষ করে যখন দল পরে ব্যাট করছে। একজন ওপেনার ২০ ওভার রাইরে ডাগ আউটে বসে কাটাতে পারবে না।' কারণ ওপেনাররা প্রথম থেকেই ম্যাচের মধ্যে ঢুকে যেতে চায়। তাই ব্যাট করতে নামার আগেই মানসিক প্রস্তুতি সেরে ফেলে।

চোপড়া বলেন, 'ওপেনিং ব্যাটাররা মাঠে থাকে। প্রস্তুতি শুরু করে দেয়। তারপর দৌড়তে দৌড়তে মাঠে নামে। বর্তমানে রোহিত শর্মা সবচেয়ে ফিট। শক্তিশালীও। তাই ওর পুরো ৪০ ওভার মাঠে থাকা উচিত। এইভাবেই মুম্বই ইন্ডিয়ান্স রোহিতকে কাজে লাগাতে পারে।' চোপড়ার সুরে সর মেলান হরভজন সিং। তিনিও মনে করেন, শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রোহিতকে ব্যবহার করা উচিত নয়। মাঠে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানো উচিত। হরভজন বলেন, 'রোহিত শর্মাকে দ্বাদশ ব্যক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমার মনে হয় ওর মতো একজন নেতা, একজন ক্রিকেটারের মাঠে থাকা উচিত। বিশেষ করে কয়েকটা কঠিন ম্যাচে। অনেক সময় অধিনায়কেরও একজনকে প্রয়োজন হতে পারে। ঠিক যেমন রোহিত হার্দিক পাণ্ডিয়ার জন্য।' গতবছর বেশিরভাগ সময় তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা হয়। আগের বছরটা ভাল কাটেনি রোহিতের। মাত্র ২৪০ রান করেন। এবার পরিসংখ্যান বদলানোর চ্যালেঞ্জ হিটম্যানের সামনে। কেরিয়ারের সায়াহ্নে‌ এসে সবচেয়ে বেশি ফিট রোহিত। প্রচুর ওজন ঝরিয়েছেন। দেখেই ফিট মনে হচ্ছে। পাখির চোখ ২০২৭ বিশ্বকাপ। সেই লক্ষ্যে অবিচল হিটম্যান।