আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের করা দ্রুততম ডেলিভারির রেকর্ড এখনও অটুট। দুরন্ত গতির জন্যই শোয়েব ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত। ৪৬টি টেস্টে ১৭৮টি উইকেট, ১৬৩টি ওয়ানডে-তে ২৪৭টি উইকেট এবং ১৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১৯টি উইকেট তিনি নিয়েছেন।

দ্রুত গতিতে বল করার জন্য তাঁর শরীরকে বড় মূল্য চোকাতে হয়েছে। ম্যাচের আগে ‘ইঞ্জেকশন' নেওয়ার কথাও তিনি স্বীকার করেছিলেন। 

ভারতের প্রাক্তন পেসার মুনাফ প্যাটেল প্রাক্তন পাক পেসার সম্পর্কে বলেন, ''শোয়েব আখতারকে আলাদা করে কৃতিত্ব দেওয়া উচিত। ১৫ বছর ধরে যদি কেউ এশিয়ার কন্ডিশনে ঘন্টায় ১৫০ কিমি গতিতে বল করতে পারে, তাকে তো স্যালুট জানাতেই হয়। শোয়েব অসাধারণ, ওর  কোনও তুলনা নেই। চার থেকে ছয় বছর আগে ঠিকভাবে হাঁটতে শুরু করেছে। ওর দুই হাঁটুই শেষ হয়ে গিয়েছে। আমাকে এটা করতেই হবে, শোয়েবের সেই পাগলামি এখনও আছে। পাগলরাই এমন করতে পারে।'' 

ভারতীয় ক্রিকেট নিয়ে প্রশংসা করে থাকেন শোয়েব। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে তিনি লাগাতার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ভারতের সিস্টেমের প্রশংসা করেন। শোয়েব সেই সময়ে বলেছিলেন, ''আমি ভারতের ব্যাপারে কয়েকটি কথা বলব। প্রথমত, ওদের নীতি জিতেছে। তারপর সিস্টেম জিতেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের ম্যানেজমেন্ট জিতেছে। এমনও হতে পারত যে টাকা সঠিক জায়গায় খরচ হত না। যারা রঞ্জি ট্রফি খেলছে, তারা আয় করতে পারত না। আজ গৌতম গম্ভীর সবার বিরুদ্ধে লড়েছেন। তিনি দুই তরুণকে সুযোগ দিয়েছেন এবং বলেছেন, তিনি তাদের সমর্থন করবেন। সেখানে শুধু একজন ছিল, তার নাম সঞ্জু স্যামসন। ঝুঁকি নিয়েছে গৌতম গম্ভীর কিন্তু কোনও আপস করেনি।'' 

শোয়েব আরও বলেন, ''সঞ্জু স্যামসন সামনে ছিল। আমি বারবার বলছি, একজন খেলোয়াড় পুরো দলকে নির্ভরতা দিয়েছে। অভিষেক একেবারে শিশু, তবুও পরিণত। ক্রিকেটে শেখার এখনও অনেক কিছু বাকি, কিন্তু সত্যিই পরিণত একজন খেলোয়াড় হয়ে উঠছে অভিষেক। গম্ভীরের নীতি জিতেছে।'' সেই শোয়েব আখতারের প্রশংসা করলেন মুনাফ প্যাটেল।