আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর তিনি কোচিংয়ে আসতে চান এবং ভবিষ্যতে ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছাও রয়েছে তাঁর। একই সঙ্গে ২০২৭ সালের অ্যাশেজ সিরিজে ফেরার যাবতীয় সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে স্টোকস জানান, খেলোয়াড় জীবন শেষ হওয়ার পর যাতে দ্রুত কোচিংয়ে যুক্ত হতে পারেন, সে জন্য তিনি ইতিমধ্যেই লেভেল থ্রি কোচিং যোগ্যতা অর্জনের কাজ শুরু করেছেন।
স্টোকস বলেন, “আমি এখনও খেলছি, কিন্তু এর মধ্যেই লেভেল থ্রি কোচিং করছি। কারণ যেদিন আর খেলব না, সেদিন যেন সব কিছু সম্পূর্ণ করা থাকে এবং কোচিংয়ের জন্য প্রস্তুত থাকতে পারি।”
তিনি আরও বলেন, “খেলার সঙ্গে যুক্ত থাকার ক্ষেত্রে আমি কী করতে চাই, সেটা জানি। আমি কোচ হতে চাই। আর একদিন ইংল্যান্ডের কোচ হতে চাইব কি না? অবশ্যই চাইব। খেলোয়াড় হিসেবে নয়, অন্য কোনওভাবে নেতৃত্ব দেওয়ার বিষয়টি আমার খুব ভাল লাগে।”
এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জল্পনাতেও ইতি টেনেছেন স্টোকস। প্রাক্তন সতীর্থ জস বাটলারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে জানান, তাঁর অবসর চূড়ান্ত। ২০২৭ সালের অ্যাশেজে তাঁকে আবার মাঠে দেখা যেতে পারে, এমন সম্ভাবনাও তিনি নাকচ করে দিয়েছেন।
স্টোকসের নেতৃত্ব ছাড়ার পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুককে দেখতে চেয়েছিলেন তিনি। তবে নির্বাচকরা শেষ পর্যন্ত দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন জো রুটের হাতে। নিউজিল্যান্ড সফরের সময় একটি শৃঙ্খলাজনিত ঘটনার কারণে ব্রুকের নেতৃত্বের সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছিল বলেও জানা যায়।
স্টোকস জানান, শুরু থেকেই তিনি ব্রুককে সমর্থন করেছিলেন। তাঁর মতে, কাউকে ভবিষ্যতের ভাল নেতা মনে হলে তাঁকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে দ্বিধা করা উচিত নয়।
তিনি বলেন, “যদি মনে হয় কেউ ভাল অধিনায়ক বা ভাল নেতা হতে পারে, তাহলে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। আমি কারণটা বুঝতে পেরেছিলাম, কিন্তু একই সঙ্গে ভাবছিলাম,এতে ওর কাছে কী বার্তা যাচ্ছে? ও সহ-অধিনায়ক ছিল। অধিনায়ক খেলছে না, অথচ ও অধিনায়ক নয়।”
যদিও সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়েছিলেন স্টোকস, তবু জো রুটের দ্বিতীয় দফার অধিনায়কত্বের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। নতুন কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে রুট সাফল্য পাবেন বলেও আশা প্রকাশ করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।
তবে রুটের ওপর অধিনায়কত্বের চাপ নিয়ে নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন স্টোকস। তাঁর মতে, আগের মেয়াদে অধিনায়কত্বের দায়িত্ব রুটের ওপর বড় প্রভাব ফেলেছিল।
স্টোকস বলেন, “আমি জোকে বলেছি, আমার একমাত্র চিন্তা হল ও নিজে। আমি দেখেছি আগের বার অধিনায়কত্বের সময় ও কীভাবে সবকিছু সামলেছে। ও সবসময় দলকে নিজের আগে রাখে। আমি চাই না আবার সেই পরিস্থিতি তৈরি হোক, কারণ আমি জোকে খুব সম্মান করি এবং ওর জন্য আমার অনেক ভালোবাসা রয়েছে। তবে আমি ওর সাফল্যই চাই।”
















