আজকাল ওয়েবডেস্ক: রোগ বাসা বেঁধেছে তিতের শরীরে। ভুগছেন মানসিক অবসাদেও। নিজের যত্ন নেওয়ার জন্য ফুটবল থেকে অনির্দিষ্ট সময়ের বিরতি নেয়ার সিদ্ধান্ত নিলেন ব্রাজিলের প্রাক্তন কোচ তিতে। 

গত বছরের আগস্টে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরের মাসেই তাঁকে ছাঁটাই করে দেয় ফ্লামেঙ্গো। করিন্থিয়ান্সের কোচ হওয়ার জন্য কথাবার্তা চলছিল তিতের। তখনই ফুটবল থেকে অনির্দিষ্টকাল সরে থাকার সিদ্ধান্ত নিলেন ৬৩ বছরের প্রাক্তন ব্রাজিলীয় কোচ। 

সোশ্যাল মিডিয়ায় তিতে বলেছেন,''পরিবারের সঙ্গে কথা বলার পর এবং আমার শরীর যে সঙ্কেত দিচ্ছে, তা দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি, ফুটবল থেকে সরে দাঁড়াব।'' 

২০১৬ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন তিতে। দেশকে এনে দিয়েছিলেন কোপা আমেরিকা। ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পরে ২০২২ সালে কাতার বিশ্বকাপেও শেষ আট থেকেই ছিটকে যায় ব্রাজিল। তার পরই সরে দাঁড়ান তিতে। 

ব্রাজিলের ক্লাব ফুটবলে করিন্থিয়ান্সের হয়ে দারুণ সফল তিতে। ব্রাজিলের একাধিক ক্লাবে তিনি কোচিং করান। সেই তিতে এবার নিজের যত্ন নেওয়ার জন্য ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিলেন।