আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত  ২০১১-র বিশ্বকাপ দলে রোহিত শর্মাকে না নেওয়ার সিদ্ধান্ত 'দুর্ভাগ্যজনক' বলে উল্লেখ করেছেন।

তিনি স্বীকার করেছেন, আজও এই সিদ্ধান্তের জন্য তাঁর খারাপ লাগে। 

একটি পডকাস্টে শ্রীকান্ত বলেন, সেই সময়ে নির্বাচকদের মূল ভাবনা ছিল এমন ক্রিকেটার বেছে নেওয়া, যাঁরা ব্যাটিংয়ের পাশাপাশি কয়েক ওভার বলও করতে পারেন। প্রাক্তন ওপেনার জানান, ''এখনও ওর জন্য খারাপ লাগে। গত বছর রোহিতকে বলেছিলাম দুঃখিত। এটা ইচ্ছাকৃত ছিল না। আমরা এমন কিছু হাফ অলরাউন্ডার চাইছিলাম, যারা প্রয়োজনে বলও করতে পারবে।''

তিনি আরও বলেন, ১৯৮৩ বিশ্বকাপের আদলে দল গড়া হয়েছিল। সেই টুর্নামেন্টে যুবরাজ সিং ব্যাট ও বল দু' বিভাগেই অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' হয়েছিলেন যুবি। 
এছাড়া বীরেন্দ্র সেহবাগ, শচীন তেণ্ডুলকর, সুরেশ রায়না এবং ইউসুফ পাঠান সকলেই কিছু না কিছু ওভার বল করেছিলেন। 
 
দলে ব্যাকআপ স্পিনার হিসেবে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। 

শ্রীকান্ত বলেন, “এই হাফ অলরাউন্ডার ভাবনার  কারণেই রোহিত দুর্ভাগ্যজনকভাবে দলে জায়গা পায়নি। রোহিত যথেষ্ট ভালই ছিল, কিন্তু সুযোগটা মিস করে।''

১৯৮৩ বিশ্বকাপের ২৮ বছর পরে ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত। ধোনির নেতৃত্বে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত বিশ্বকাপ জিতেছিল। ২০১১ সালে বিরাট কোহলি বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। কিন্তু হিটম্যান দল থেকে বাদ পড়ায় তিনি মুষড়ে পড়েছিলেন। অনেকে বলে থাকেন, বিশ্বকাপের দল থেকে ওই ছিটকে যাওয়া  রোহিত শর্মাকে আজকের রোহিত শর্মায় পরিবর্তন করেছে। 

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত অসামান্য সাফল্য পেলেও এখনও পর্যন্ত ওয়ানডের বিশ্বজয়ী দলের সদস্য হতে পারেননি তিনি। 

২০২৩ বিশ্বকাপে ভারত ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ভারত।