শ্রেয়সের নেতৃত্বের মঞ্চে ফোকাসে বৈভব, দেশের জার্সিতে অভিষেক হবে বিস্ময় বালকের?
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ভারতীয় ক্রিকেটে জোড়া অভিষেক। শুরু নতুন যুগ। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে নামবে টিম ইন্ডিয়া। তার থেকেও আকর্ষণীয় বা উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের সিনিয়র দলের জার্সিতে বৈভব সূর্যবংশীর হাতেখড়ি। শ্রেয়সের অধিনায়কত্বের শুরুতে ফোকাসে ১৫ বছরের বিস্ময় বালক। শুক্রবার বেলফাস্টে বৈভবকে প্রথম দলে সুযোগ করে দেওয়া বড় চ্যালেঞ্জ টিম ম্যানেজমেন্টের। প্রথমে আইপিএল, তারপর ভারতীয় এ দলের হয়ে সিরিজে অনবদ্য পারফরম্যান্সের জন্য আশা করা যাচ্ছে, শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ তেই অভিষেক হবে সূর্যবংশীর। তবে তাঁকে দলে সুযোগ করে দেওয়া মোটেই সহজ হবে না ভারতীয় থিঙ্কট্যাঙ্কের জন্য।
বর্তমানে ভারতীয় ব্যাটিং অর্ডারে প্রথম তিনে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা এবং ঈশান কিষাণ। তাঁদের টি-২০ রেকর্ড অগ্রাহ্য করা যাবে না। আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করেন টপ থ্রি। সেটাই ভারতের শেষ টি-২০ টুর্নামেন্ট। বৈভবকে খেলাতে চাইলে, দুই ওপেনারের মধ্যে একজনকে বসাতে হবে। সেক্ষেত্রে জায়গা ছাড়তে হবে সঞ্জু বা অভিষেককে। বিশ্বকাপ জেতার পর এটাই কঠিন সিদ্ধান্ত হবে। স্যামসনকে মিডল অর্ডারে পাঠিয়ে দেওয়া হতে পারে। এর আগে অতীতে চার এবং পাঁচ নম্বরে ব্যাট করেছেন। কিন্তু বর্তমানে এই দুটো স্পট শ্রেয়স আইয়ার এবং তিলক বর্মার জন্য রাখা। যার ফলে শুধু ৬ নম্বর জায়গা ফাঁকা। তবে এই জায়গা একজন অলরাউন্ডারের জন্য।
ছয় নম্বরের দাবিদার শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল এবং নবাগত সুরইয়ান্স সেজ। সঞ্জুকে ছয় নম্বরে খেলালে, পাঁচ বোলার নিয়ে নামতে হবে ভারতকে। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং বরুণ চক্রবর্তীর অনুপস্থিতিতে বোলিং এমনিতেই কিছুটা দুর্বল। টপ অর্ডারে সঞ্জুর পরিসংখ্যান দারুণ। ২৮ ইনিংসে তাঁর রান ৯২৬। তাতে রয়েছে তিনটে শতরান এবং চারটে অর্ধশতরান। স্ট্রাইক রেট ১৮১.৯৩। তিন, চার এবং পাঁচ নম্বরে স্যামসনের স্ট্রাইক রেট তেমন উল্লেখযোগ্য নয়। অভিষেকও টপ অর্ডারে কার্যকরী। ৪৩ ইনিংসে তাঁর রান ১৪১৪। তারমধ্যে রয়েছে জোড়া শতরান এবং ১০টি অর্ধশতরান। স্ট্রাইক রেট ১৯২.৩৮। আইপিএলেও ফর্মে ছিলেন অভিষেক, সঞ্জু এবং ঈশান। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে ১২৫ রান করেন ঈশান। এই পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে গৌতম গম্ভীর এবং শ্রেয়স আইয়ারকে। বৈভবের অভিষেক হবে, না উইনিং কম্বিনেশন ধরে রাখা হবে, সেটা সময়ই বলবে। তবে সূর্যবংশীর উপস্থিতি সঞ্জু এবং অভিষেককে চাপে রাখবে। সিরিজ জয় দিয়ে শুরু করতে চাইবেন শ্রেয়স। এর আগে তাঁর নেতৃত্বে আইপিএল জেতে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে তোলেন পাঞ্জাবকে। দেশের হয়েও জয় দিয়ে শুরু করতে বদ্ধপরিকর।















