আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ান এরিকসনের স্মতি ফিরল ইতালির মাঠে। ২০২১ সালের ১২ জুন ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন কর্নার ফ্ল্যাগের কাছে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই শুয়ে পড়েন ডেনমার্কের এরিকসন।

ফিওরেন্তিনা-ইন্টার মিলান ফুটবল ম্যাচ সাক্ষী থাকল এরকমই এক হৃদয়বিদারক ঘটনার। খেলার ১৬ মিনিটে মাটিতে লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার ২২ বছর বয়সী খেলোয়াড় এডোয়ার্ডো বোভ। সজ্ঞা হারিয়ে তরুণ ফুটবলারের মাটিতে লুটিয়ে পড়ার ঘটনার আকস্মিকতায় খেলা সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালে।  

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে, হাঁটু মুড়ে মাঠে বসে রয়েছেন বোভ। তার পরে নিজে উঠে হাঁটার চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মাঠেই পড়ে যান। তাঁর শুশ্রুষার জন্য মাঠেই চলে আসেন চিকিৎসকরা। অ্যাম্বুল্যান্ড করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।  ম্যাচটি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। 

 

?ref_src=twsrc%5Etfw">December 1, 2024

ফিওরেন্তিনা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, বোভের শারীরিক অবস্থা নিবিড় ভাবে খতিয়ে দেখা হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটছে বলেই জানা গিয়েছে। ক্লাবের তরফে জানানো হয়েছে, বোভেকে ওষুধ দিয়ে অচৈতন্য করে রাখা হয়েছে। 

 আগস্টে রোমা থেকে ফিওরেন্তিনায় যোগ দেন বোভ। দ্রুতই তিনি দলের সদস্য হয়ে ওঠেন।  অক্টোবরে প্রাক্তন ক্লাব রোমার বিরুদ্ধেই দুর্দান্ত গোল করেন ফিওরেন্তিনায় যোগ দেওয়া বোভ। সেটাই ছিল ফিওরেন্তিনায় তাঁর প্রথম গোল। চলতি মরশুমের শেষে তরুণ মিডফিল্ডার পাকাপাকি ভাবে ফ্লোরেন্সে চলে আসবেন।  ফিওরেন্তিনার প্রেসিডেন্ট রোক্কো কম্মিসো আবেগঘন এক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ''ফোরজা এডোয়ার্ডো, আমরা তোমার সঙ্গে রয়েছি। তুমি শক্তিশালী এবং দৃঢ় মানসিকতার। এই মুহূর্তে আমরা তোমার পরিবারের পাশে রয়েছি।''