আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ফর্মে রয়েছেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে তাঁর একটি গোল বাতিল হওয়ায় হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন তিনি।
ম্যাচের ২২-তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে বল পাঠান ভিনিসিয়াস।
তবে ভিনি জুনিয়রের সেই গোল নিয়ে প্রশ্ন ওঠে। তিনি কি ফাউল করেছিলেন? ভিএআর-এর মাধ্যমে যাচাই করেন মেক্সিকান রেফারি সিজার ব়্যামোস।
পরে মনিটরে রেফারি দেখেন ভিনিসিয়াস পিছন থেকে পা বাড়িয়ে হেনরিকে ফেলে দিয়েছেন। ফলে গোলটি বাতিল করা হয়।
রেফারির এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয় বিতর্ক। প্রিমিয়ার লিগের প্রাক্তন রেফারি ড্যারেন ক্যান মনে করেন, কোনওভাবেই ফাউল ছিল না।
ক্যান বলেন, ''এটি ফাউল ছিল না। ভিনিসিয়াস শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে ছিলেন, ডিফেন্ডার নিজেই তাঁর গায়ে লাথি মেরে পড়ে গিয়েছেন। স্কটল্যান্ড ভাগ্যবশত বেঁচে গিয়েছে।''
গোল বাতিল হওয়ায় হতাশা লুকাননি ভিনিসিয়াস স্বয়ং। ম্যাচ শেষে তিনি বলেন, ''গোলটি বাতিল হওয়ায় আফসোস লাগছে। ওটা হলে প্রথম হ্যাটট্রিকটা পেয়ে যেতাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয় এবং আমাদের ছন্দ ধরে রাখা।''
ভিনি জুনিয়রের জোড়া গোলের দিন ফুটবলবিশ্ব দেখল নেইমারের প্রত্যাব্রতন। আর নেইমার কী দেখলেন? ব্রাজিলের বিখ্যাত দশ নম্বর জার্সিধারী দেখলেন তিনি না থাকলেও ব্রাজিল জিততে পারে। তিনি রাজা-ই আছেন কিন্তু সিংহাসন চলে গিয়েছে আরেকজনের হাতে।
















