আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফুটবলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় বিশ্বকাপের বল গড়াবে।
বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পাশাপাশি আলোচনায় রয়েছে অংশগ্রহণকারী তারকাদের বাজারমূল্যও। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আসন্ন বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার স্পেনের লামিনে ইয়ামাল।
মাত্র ২০ বছর পূর্ণ হওয়ার আগেই ইয়ামালের বাজারমূল্য ৪০১ মিলিয়ন ডলারেরও বেশি।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আর্লিং হালান্ড। ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার ধারাবাহিক গোল করার কারণে দীর্ঘদিন ধরেই বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন।
বয়স ২৭ পেরোলেও শীর্ষ তিনে নিজের অবস্থান ধরে রেখেছেন কিলিয়ান এমবাপে। বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ফরাসি তারকা এখনও বিশ্ব ফুটবলের বড় সম্পদগুলোর অন্যতম।
আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সবচেয়ে দামি ১০ ফুটবলারের তালিকায় ইউরোপীয় শক্তিধর দেশগুলোর আধিপত্য স্পষ্ট। ক্লাবভিত্তিক হিসাবেও বড় ক্লাবগুলোর উপস্থিতি চোখে পড়ার মতো। রিয়াল মাদ্রিদ থেকে রয়েছেন তিনজন। বার্সেলোনা থেকে দু'জন এবং প্যারিস সাঁ জাঁ থেকে দু'জন ফুটবলার জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
তবে বিস্ময়ের বিষয়, তালিকায় জায়গা হয়নি ফ্রান্সের তারকা উইঙ্গার দেম্বেলের। যদিও দেম্বেলে সম্প্রতি প্যারিস সাঁ জাঁর হয়ে একাধিক খেতাব জয়ের পাশাপাশি ২০২৫ সালের ব্যালন ডি অর অর্জন করেছেন।
উল্লেখ্য, বাজারমূল্য ও পারিশ্রমিক এক বিষয় নয়। উপরের তথ্যগুলো খেলোয়াড়দের বাজারমূল্য সম্পর্কিত। ইয়ামালের পারিশ্রমিক আলাদা এবং তা ক্লাব চুক্তির শর্তের উপর নির্ভর করে।
লামিনে ইয়ামাল (বার্সেলোনা) – ৪০১.৩১ মিলিয়ন ডলার
আর্লিং হালান্ড (ম্যাঞ্চেস্টার সিটি) – ২৯৮.৩৭ মিলিয়ন ডলার
কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ২৩৫.২৩ মিলিয়ন ডলার
জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ) – ১৭৯.০৮ মিলিয়ন ডলার
মাইকেল ওলিসে (বায়ার্ন মিউনিখ) – ১৬০.১০ মিলিয়ন ডলার
ফ্লোরিয়ান ভাইর্টস (লিভারপুল) – ১৫৮.৭৬ মিলিয়ন ডলার
দেজিরে দুয়ে (পিএসজি) – ১৫৭.৩৪ মিলিয়ন ডলার
জোয়াও নেভেস (পিএসজি) – ১৫২.৭৮ মিলিয়ন ডলার
আরদা গুলের (রিয়াল মাদ্রিদ) – ১৫২.৪৩ মিলিয়ন ডলার
পেদ্রি (বার্সেলোনা) – ১৫২.০৫ মিলিয়ন ডলার















