আজকাল ওয়েবডেস্ক: ১১ জুন থেকে শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। ফাইনাল ১৯ জুন। ইতিমধ্যেই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তুঙ্গে। খেলার টিকিট বা ফাইনাল ম্যাচের টিকিটের দাম পাল্লা দিয়ে বাড়ছে।
ফিফা দিন দিন টিকিটের দাম বাড়িয়ে চলেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো আরও দামি টিকিট বাজারে আনলেন। যার একটির দাম ৪১০৫ ডলার। এত দিন টিকিটের সর্বোচ্চ দাম ছিল ২৭৩৫ ডলার।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আমেরিকা ও প্যারাগুয়ে। এই ম্যাচ একদম সামনের আসনে বসে দেখতে হলে যে টিকিট রয়েছে, সেই ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’ আসনের টিকিটের সর্বোচ্চ দাম এতদিন ছিল ২৭৩৫ ডলার। ভারতীয় মূল্যে প্রায় আড়াই লাখ টাকা। এই বিভাগের সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম এবার করা হল ৪১০৫ ডলার। যা ভারতীয় মূল্যে ৩ লাখ ৮০ হাজার টাকারও বেশি।
‘ফ্রন্ট ক্যাটাগরি ১’–এর পাশাপাশি ‘ফ্রন্ট ক্যাটাগরি ২’–এর কিছু টিকিটের দামও বাড়ানো হয়েছে। এই বিভাগের টিকিটের সর্বোচ্চ দাম ১৯৪০ ডলার (প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা) থেকে বাড়িয়ে করা হয়েছে ২৩৩০ ডলার (প্রায় ২ লাখ ১৬ হাজার ডলার)। শেষ ১৬ পর্বের কিছু ম্যাচের টিকিটের দামও আচমকাই বাড়ানো হয়েছে। ফিলাডেলফিয়া শহরের ম্যাচে কিছু টিকিটের দাম করা হয়েছে ৯০৫ ডলার বা প্রায় ৮৪ হাজার টাকা। দাম বাড়ানো হয়েছে বসনিয়ার বিরুদ্ধে কানাডার প্রথম ম্যাচের টিকিটেরও। এই ম্যাচের ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’ টিকিটের নতুন সর্বোচ্চ দাম ৩৩৬০ ডলার। যা ভারতীয় মূল্যে প্রায় ৩ লাখ ১১ হাজার টাকা।
ফাইনালের টিকিটের দামও বেড়েছে। এর আগে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম ছিল ৮৬৮০ ডলার বা প্রায় ৮ লাখ টাকা। ফিফা জানিয়েছে, ফাইনালের সবচেয়ে বেশি দামের টিকিট হচ্ছে ১০৯৯০ ডলার বা প্রায় ১০ লাখ ১৭ হাজার টাকা। ফাইনালের ক্যাটাগরি ২ এবং ৩ বিভাগের সর্বোচ্চ মূল্যের টিকিটের দামও বাড়িয়ে দিয়েছে ফিফা।
এত টাকা দিয়ে দর্শকরা টিকিট কাটবেন কিনা তা নিয়ে কিন্তু ফিফার কোনও ভ্রুক্ষেপ নেই। দাম হু হু করে বাড়িয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এবারই প্রথম বিশ্বকাপ খেলবে ৪৮ দেশ। ১২ গ্রুপে দেশগুলিকে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি করে দল। বিশ্বকাপের ৪৮ দলই চূড়ান্ত হয়ে গেছে।















