আজকাল ওয়েবডেস্ক: ভারতে ফিফা  বিশ্বকাপ ২০২৬-এর সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং স্বত্ব পেয়েছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস। সোমবার এই ঘোষণা করা হয়। 

ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচগুলো সম্প্রচারিত হবে জি-এর সদ্য চালু হওয়া ইউনাইট ৮ স্পোর্টস লিনিয়ার টিভি চ্যানেলগুলোর মাধ্যমে। একই সঙ্গে ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিফাইভ অ্যাপে। 

এছাড়া কোম্পানিটি চারটি আলাদা স্পোর্টস চ্যানেল চালুর ঘোষণা করেছে। ইউনাইট ৮ স্পোর্টস ১, ইউনাইট ৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট ৮ স্পোর্টস ২, ইউনাইট ৮ স্পোর্টস ২ এইচডি। 

উল্লেখযোগ্য ঘটনা হল, জি ২০৩৪ সাল পর্যন্ত ফিফা ইভেন্টগুলোর মিডিয়া রাইটসও নিশ্চিত করেছে। এর ফলে ভারতীয় দর্শকদের ২০২৬ বিশ্বকাপ দেখা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে শুরুতে সমস্যা দেখা দিয়েছিল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এই টুর্নামেন্টের ম্যাচগুলো ভারতের সময় অনুযায়ী অনেক ভোর বা রাতের দিকে হওয়ায় জিও হটস্টার, সোনি স্পোর্টস-সহ প্রতিষ্ঠানগুলো আগ্রহ হারায় বলে জানা যায়।

ফিফা প্রথমে প্রায় ১০০ মিলিয়ন ডলার চেয়েছিল ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য। পরে দাম কমিয়ে প্রায় ৬০ মিলিয়ন ডলার করা হলেও শুরুতে মাত্র ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব আসে বলে খবর।

পরিস্থিতি বদলায় যখন জি সম্প্রতি নতুন স্পোর্টস চ্যানেল চালু করে ভারতের স্পোর্টস ব্রডকাস্টিং মার্কেটে আবার সক্রিয়ভাবে ফিরে আসে। 

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো দুই কিংবদন্তির হয়তো এটাই শেষ বিশ্বকাপ। ভারতের ফুটবলপাগলরা আবারও দেখতে পাবেন তাঁদের জাদুকরী মুহূর্ত, যা এই টুর্নামেন্টকে আরও স্মরণীয় করে তুলতে পারে।