আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের জেরে যুক্তরাষ্ট্রে নির্ধারিত নিজেদের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন।
এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে। ক্রিকেটে সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যেমন নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল, তেমনই এখন ফুটবলেও ভূ-রাজনৈতিক উত্তেজনা বড় টুর্নামেন্টকে প্রভাবিত করার আশঙ্কা তৈরি করেছে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সোমবার জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না।
ফলে, যুক্তরাষ্ট্রে দল পাঠাতে তাঁরাও আগ্রহী নন। মেক্সিকোয় ইরানের দূতাবাসের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাজ বলেন, ‘যখন ট্রাম্প স্পষ্টভাবে বলছেন যে তিনি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরাও আমেরিকায় যাব না। আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা যায়।’
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ফিফা কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিন দেশে যৌথভাবে শুরু হতে চলেছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ।
সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্যায়ের দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি ম্যাচ সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা। গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ইরানকে বিশ্বকাপে অংশ নিতে স্বাগত জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থেই হয়তো যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলা উপযুক্ত নাও হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনও আনুষ্ঠানিক নোটিশ পাওয়া যায়নি।
বরং, সোমবার পর্যন্ত ইরান অংশগ্রহণের ইচ্ছা পুনরায় নিশ্চিত করেছে। তবে বর্তমান পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বলে মনে করছেন ক্রীড়া মহলের পর্যবেক্ষকরা।
