আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। অবশেষে জট কাটল। তবে এখনও জানা যায়নি বিশ্বকাপের সম্প্রচার কোন চ্যানেলে হবে। জানা গিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই সেটা চূড়ান্ত হয়ে যাবে। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব সাজি প্রভাকরণ। জানান, আগামী সপ্তাহে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর আসতে চলেছে। সাজি লেখেন, 'ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর। অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সম্প্রচার নিয়ে যাবতীয় আলোচনা হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে ভারতীয় সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা করা হতে পারে। অনিশ্চয়তায় কয়েক মাস কাটানোর পর অবশেষে ক্রিকেট ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। ভারতে পুরো বিশ্বকাপ দেখা যাবে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য সবাই তৈরি হও।' একটি রিপোর্ট অনুযায়ী, ৩০-৩৫ মিলিয়ন মার্কিন ডলারে ভারতে বিশ্বকাপের স্বত্ব বিক্রি হতে চলেছে।
আইপিএল শেষ হলেই বিশ্বকাপ জ্বরে আক্রান্ত হবে ভারতবাসী। ১১ জুন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপ। কিন্তু এতদিন একটি বড় সমস্যার সুরাহা হয়নি। ভারতে কোন চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপ? এর উত্তর জানা নেই কারোর। ফুটবলপ্রেমী দেশ এতদিন ফিফা বিশ্বকাপের ব্রডকাস্টার পায়নি। বিক্রি হয়নি সম্প্রচার স্বত্ব। আর মাত্র তিন সপ্তাহ পরে শুরু দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ। রাত জেগে বিশ্বকাপ দেখে ভারতের ফুটবলপ্রেমীরা। কয়েকদিন আগে একটি রিপোর্টে জানা যায়, হাত তুলে নিয়েছে প্রসার ভারতী। দিল্লি হাইকোর্টে জানিয়ে দিয়েছে, ভারতে বিশ্বকাপের ব্রডকাস্টার খোঁজা তাঁদের দায়িত্ব নয়। যা দেশের ফুটবলপ্রেমীদের উদ্বেগ আরও বাড়ায়। এতদিন টিভি সম্প্রচার স্বত্বের দৌড়ে ছিল প্রসার ভারতী। কিন্তু তাঁরাও সরে যাওয়ায় সমস্যা বাড়ে।
পরিসংখ্যান বলছে, ভারতে বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় ৭৪৫ মিলিয়ন দর্শক ২০২২ কাতার বিশ্বকাপ দেখেছে। একমাত্র চীন এই বিষয়ে ভারতকে টেক্কা দেয়। ভিউয়ারশিপের ক্ষেত্রে প্রত্যেক বিশ্বকাপে প্রথম দশের মধ্যে থাকে ভারত। আগের বার ভারতে ডিজিটাল স্ট্রিমিং রাইটস ছিল জিও সিনেমার। ৬০ মিলিয়ন মার্কিন ডলারে অনলাইন রাইটস কেনে তাঁরা। ভারতীয় মার্কেট থেকে প্রায় ১০০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ৯৬৫ কোটি আয়ের প্রত্যাশা করেছিল ফিফা। তবে ভারতে ফুটবল স্ট্রিমিংয়ে খুব বেশি আয় নেই। এমনকী ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ১৫০০ কোটি আয় হয় না। বিশেষজ্ঞদের ধারণা, সম্প্রচার স্বত্ত্ব বিক্রি না হওয়ার অন্যতম কারণ ম্যাচের সময়। এই প্রথমবার তিন দেশের ১৬টি শহরে বসবে বিশ্বকাপের আসর। প্রায় দেড় মাস চলবে। ১১ জুন শুরু। ফাইনাল ১৯ জুলাই। ৩২ দলের বদলে এই প্রথমবার ৪৮টি দল বিশ্বকাপে অংশ নেবে।















