আজকাল ওয়েবডেস্ক: বল ট্যাম্পারিং কাণ্ডে তোলপাড় পাকিস্তান সুপার লিগ। শাস্তির মুখে ফকর জামান। পিএসএলে দু'ম্যাচ নির্বাসিত পাকিস্তানের ক্রিকেটার। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনই জানানো হয়। টুর্নামেন্টের লেভেল থ্রি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেন ফকর। ২৯ মার্চ গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস ম্যাচে বল ট্যাম্পারিংয়ের ঘটনা ঘটে। করাচি কিংসের ইনিংসের শেষ ওভারের আগের ঘটনা। জয়ের জন্য ১৪ রান দরকার ছিল। ওভারের আগে হ্যারিস রউফ এবং শাহিন আফ্রিদির সঙ্গে কথা বলতে দেখা যায় ফকরকে। তারপরই বল চান আম্পায়ার ফয়সাল আফ্রিদি। সহ আম্পায়ারের সঙ্গে পর্যবেক্ষণের পর ট্যাম্পারিংয়ের অভিযোগ আনেন।
লাহোর কালান্দার্সের বিরুদ্ধে সিদ্ধান্ত যায়। পেনাল্টি হিসেবে বিপক্ষকে পাঁচ রান দেওয়া হয়। তারপর বল বদলে ফেলা হয়। যার ফলে ফাইনাল ওভারে নয় রান প্রয়োজন ছিল করাচি কিংসের। হ্যারিস রউফকে চার এবং ছয় মেরে ম্যাচ শেষ করেন আব্বাস আফ্রিদি। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্টে জানানো হয়, 'লেভেল থ্রি অফেন্সের ক্ষেত্রে এক বা দুই ম্যাচ নির্বাসিত করা হয়। ফকরকে দু'ম্যাচ নির্বাসিত করা হয়েছে। মুলতান সুলতান্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে পারবেন না।' পিসিবির এক কর্তা জানান, বল ট্যাম্পারিং এবং টিম হোটেলে নিরাপত্তার প্রোটোকল ভাঙা তাঁরা ভালভাবে নেয়নি। কালান্দার্স ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে, নিয়ম ভঙ্গের জন্য শাস্তির মুখে পড়তে হবে ক্রিকেটারদের।














