আজকাল ওয়েবডেস্ক: এভাবেও ম্যাচ হারা সম্ভব! ইংল্যান্ডই পারে। তা দেখা গেল আরও একবার। 

চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া নখ-দাঁত হীন। তবুও অজিদের দাপটে উড়ে গেল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে একসঙ্গে দুটো রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। একটা ব্যক্তিগত। অপরটি দলগত। 

৩৫১ রানের বিশাল পাহাড় ৪৭.৩ ওভারেই পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। অজিদের জয়ের পিছনে জশ ইংলিসের অবদান বেশি। শেষ পর্যন্ত ৮৬ বলে ১২০ রানে অপরাজিত থেকে গেলেন জশ ইংলিস। অস্ট্রেলিয়া ১৫ বল বাকি থাকতে পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিল। 

ইংল্যান্ডের ব্যাটার বেন ডাকেট প্রথমে  দৌরাত্ম্য দেখান। ১৪৩ বলে ১৬৫ রান করে রেকর্ড গড়েন। ইংল্যান্ডও ৩৫১ রান করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন নজির গড়ে। কিন্তু অস্ট্রেলিয়াও যে রান তাড়া করে রেকর্ড গড়ে ফেলবে, তা কে জানত! বেন ডাকেট ছাড়াও জো রুট ৬৮ রানের ইনিংস খেলেন। 

এই ভাঙাচোরা অস্ট্রেলিয়া ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের উপরে অনেকটাই নির্ভরশীল ছিল। কিন্তু দুই ব্যাটারই ব্যর্থ হন। হেড করেন ৬, স্মিথ ৫। ওপেনার ম্যাথু শর্ট ৬৬ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। লাবুশেন ৪৭ রানে ফেরেন। এর পরে  ইংল্যান্ডকে নক আউট করেন জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি। শেষের দিকে ম্যাক্সোয়েল ১৫ বলে দ্রুত ৩২ রান করেন। ইংলিশ অপরাজিত থেকে ম্যাচ বের করে নেন। অস্ট্রেলিয়া ৪৭.৩ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রান করে শেষ হাসি হাসে।