আজকাল ওয়েবডেস্ক: মাছ ধরতে গিয়ে কুমিরভর্তি নদীতে পড়ে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ইয়ান বথাম। জানা গেছে, অস্ট্রেলিয়ার মোয়লে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বথাম। কিন্তু অসাবধানবশত জলে পড়ে যান। বন্ধু ও প্রাক্তন প্রতিপক্ষ মার্ভ হিউজ তাঁকে জল থেকে টেনে তোলেন।
জানা গেছে নৌকায় ছিলেন বথাম ও অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার মার্ভ হিউজ। আচমকাই দড়িতে বথামের চটি আটকে যায়। এরপরেই জলে পড়ে যান তিনি। যে নদীতে শুধু কুমির নয়, রয়েছে হাঙরও। হিউজ দ্রুত বথামকে তুলে নেওয়ায় কোনও দুর্ঘটনা হয়নি। তবে সারা গায়ে কেটেছড়ে গিয়েছে বথামের। তিনি বলেছেন, ‘কুমিরের পেটে যাওয়ার থেকে বেঁচেছি। যত তাড়াতাড়ি জলে পড়েছিলাম, তার থেকেও তাড়াতাড়ি উঠে এসেছি নৌকায়।’
প্রসঙ্গত, বথাম ও হিউজ দু’জনেই মাছ ধরতে ভালবাসেন। খেলোয়াড় জীবন থেকেই দু’জনে বন্ধু। এক জন খেলতেন ইংল্যান্ডের হয়ে, অন্য জন খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে। বথামের কথায়, ‘গল্ফ বা শুটিংয়ের থেকে মাছ ধরতে বেশি ভালবাসি। তবে লন্ডনে মাছ ধরার তেমন সুযোগ নেই। লন্ডন শুধু খাওয়াদাওয়ার জন্য ঠিক আছে, আমি কান্ট্রিসাইডেই থাকতে ভালবাসি।’
