আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার সুযোগ কমতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় মালিকানায় থাকা চারটি দল শাহিন আফ্রিদি, বাবর আজমদের নিলাম থেকে কিনতে না–ও পারে বলে শোনা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার ‘এসএ ২০’–র উদাহরণ সামনে আনা হচ্ছে। অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে ভারতীয় মালিকানাধীন দলগুলিকে সতর্ক করে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।


‘দ্য হান্ড্রেড’–এর চারটি দলের মালিকানা রয়েছে আইপিএলের চারটি দলের কর্ণধারের হাতে। সেগুলি হল ম্যাঞ্চস্টার সুপার জায়ান্টস (সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি গ্রুপের ৭০ শতাংশ মালিকানা), এমআই লন্ডন (মুকেশ আম্বানির রিলায়্যান্সের ৪৯ শতাংশ মালিকানা), সাদার্ন ব্রেভ (গ্রান্ধি কিরণ কুমারদের জিএমআর গ্রুপের ৪৯ শতাংশ মালিকানা), সানরাইজার্স লিডস (কলানিথি মারানের সান গ্রুপের ১০০ শতাংশ মালিকানা)। মনে করা হচ্ছে, এই দলগুলি পাকিস্তানের ক্রিকেটারদের দলে নেবে না। ঠিক যেমন ‘এসএ২০’র যে ছ’টি দলের মালিকানা ভারতীয়দের হাতে রয়েছে, সেই দলগুলি পাকিস্তানের কোনও ক্রিকেটারকে নেয় না।


আশঙ্কা তৈরি হতেই পদক্ষেপ করল ইসিবি। ‘দ্য হান্ড্রেড’–এ কোনওরকম বৈষম্য চান না ইংল্যান্ডের ক্রিকেট কর্তারা। নিলামে অংশ নেওয়া ৬৩ জন পাক ক্রিকেটার যাতে অন্য দেশের ক্রিকেটারদের মতো সমান সুযোগ পান, তা নিশ্চিত করতে চান তাঁরা। প্রতিযোগিতার আটটি দলকে চিঠি দিয়েছে ইসিবি। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুষ্ঠু নির্বাচন এবং বৈষম্য বিরোধী নীতির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে দলগুলির কর্তৃপক্ষদের। চিঠির বিশেষ কয়েকটি লাইনের তলায় দাগ দিয়ে দেওয়া হয়েছে। দল তৈরির ব্যাপারে ইসিবি হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে। একই সঙ্গে দল তৈরির সঙ্গে যুক্তদের সীমা লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিষয়টির উপর ইসিবি নজর রাখবে। চিঠিতে অবশ্য নির্দিষ্টভাবে কোনও দল বা দেশের ক্রিকেটারদের কথা উল্লেখ করা হয়নি।


পাক ক্রিকেটারদের নিয়ে জল্পনা তৈরি হওয়ার পর ইসিবির এক কর্তা বলেছিলেন, ‘পুরুষ এবং মহিলাদের প্রতিযোগিতায় আমরা গোটা বিশ্বের ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছি। আশা করব, আটটি দলেই ক্রিকেট বিশ্বের সামগ্রিক ছবি দেখা যাবে।’ আশঙ্কা নিয়ে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠনের চিফ এক্সিকিউটিভ টম মোফাট বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারের ন্যায্য এবং সমান সুযোগ পাওয়ার অধিকার থাকা উচিত।’ যদিও ভারতীয়দের মালিকানা দলগুলির তরফে পাকিস্তানের ক্রিকেটারদের ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি।
এটা ঘটনা, ‘দ্য হান্ড্রেড’–এর নিলামের জন্য ১৮টি দেশের এক হাজারের বেশি ক্রিকেটার নাম নথিবদ্ধ করিয়েছেন। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের ৫০ এর বেশি ক্রিকেটার রয়েছেন তালিকায়। শাহিন, রউফ ছাড়াও পাকিস্তানের পরিচিত মুখদের মধ্যে রয়েছেন শাদাব খান, মহম্মদ আমির। মহিলাদের জাতীয় দলের বেশ কয়েক জন ক্রিকেটারও রয়েছেন।