আজকাল ওয়েবডেস্ক:ইস্টবেঙ্গল-মোহনবাগানের চিরন্তন দ্বৈরথের যত গল্প, যত উত্তাপ, যত আবেগ ছড়িয়ে রয়েছে, তার প্রতিটি অধ্যায়েই কোনও না কোনওভাবে জড়িয়ে রয়েছে টুটু বোসের নাম। তাঁর প্রয়াণে শুধু মোহনবাগান পরিবার নয়, শোকস্তব্ধ সমগ্র বাংলা ফুটবল মহল।
মোহনবাগান রত্ন টুটু বোসের প্রয়াণে শোকস্তব্ধ পড়শি ক্লাব ইস্টবেঙ্গলও।
লাল-হলুদের তরফ থেকে শোকজ্ঞাপন করা হয়েছে। বলা হয়েছে, ইস্ট বেঙ্গল ক্লাব গভীর শোকের সঙ্গে টুটু বোসের প্রয়াণে শ্রদ্ধা জ্ঞাপন করছে।
একজন দূরদর্শী নেতা, ফুটবলের এক সত্যিকারের প্রেমিক, মোহনবাগান এবং এই খেলাধুলার গৌরবের জন্য উৎসর্গীকৃত এক জীবন।
তিনি চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবেন।
আমরা, ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে, তাঁর পরিবার, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী এবং সমগ্র মোহনবাগান পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই। তাঁর উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম ফুটবলপ্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবে। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।
কলকাতা ময়দানের সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে টুটু বোস পৌঁছে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। ক্লাবের রং আলাদা হতে পারে, কিন্তু ফুটবলের প্রতি তাঁর ভালবাসা ছিল সবার ঊর্ধ্বে। সেই কারণেই আজ তাঁর প্রয়াণে প্রতিপক্ষও মাথা নত করে শ্রদ্ধা জানাচ্ছে।
ইস্টবেঙ্গল-মোহনবাগান ফুটবল দ্বৈরথ যতদিন থাকবে, ততদিন বাংলা ফুটবলের ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে টুটু বোসের নাম। তিনি নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার, আবেগ এবং স্মৃতি চিরকাল বেঁচে থাকবে ময়দানের প্রতিটি সবুজ ঘাসে, গ্যালারির প্রতিটি স্লোগানে।















