আজকাল ওয়েবডেস্ক: আইএসএল খেতাব জয়ের উচ্ছ্বাস এখনও কাটেনি। তার মধ্যেই নতুন মরশুমকে ঘিরে ইস্টবেঙ্গল শিবিরে শুরু হয়েছে জোর আলোচনা। দলের কোচ কে হবেন, কোন কোন ফুটবলারকে ধরে রাখা হবে, বিনিয়োগকারী সংস্থা ইমামির ভবিষ্যৎ কী— এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে। ঘুরপাক খাচ্ছে কলকাতা ময়দানেও। 

এই অনিশ্চয়তার আবহেই ভেসে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর। নতুন মরশুমেও লাল-হলুদ জার্সিতে দেখা যেতে পারে তিন বিদেশি তারকাকে। 

তাঁরা হলেন কেভিন সিবিয়ে, মিগুয়েল এবং মহম্মদ রশিদ। জানা যাচ্ছে, এই তিন ফুটবলারই অস্কার ব্রুজোঁর পছন্দের তালিকায় রয়েছেন। ফলে স্প্যানিশ কোচ যদি আগামী মরশুমেও ইস্টবেঙ্গলের দায়িত্বে থাকেন, তবে তাঁদের ধরে রাখার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। 

ক্লাব সূত্রের খবর, ইস্টবেঙ্গলও এই তিন ফুটবলারকে রেখে দেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী। কারণ গত মরশুমে দলের সাফল্যের পিছনে তাঁদের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে মহম্মদ রশিদের কথা আলাদা করে বলতেই হয়। আইএসএলের 'ফাইনাল'-এ ইন্টার কাশীর বিরুদ্ধে রশিদের গুরুত্বপূর্ণ গোলই ইস্টবেঙ্গলকে ২-১ ব্যবধানে জয় এনে দেয় এবং খেতাব নিশ্চিত করে। সেই কারণেই রশিদকে ধরে রাখার সম্ভাবনা অত্যন্ত প্রবল। 

অস্কার ব্রুজোঁ থাকলে মাঝমাঠে রশিদ যে তাঁর অন্যতম প্রধান অস্ত্র হবেন, তা বলে দেওয়াই যায়।

অন্যদিকে ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ইতিমধ্যেই সমর্থকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন। দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন গোল্ডেন বল। তাই তাঁকে নতুন মরশুমেও ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। আর সবাই জানেন মিগুয়েল থাকা মানেই অস্কারেরও থেকে যাওয়া। 

রক্ষণভাগে কেভিন সিবিয়ের অবদানও ছিল অনস্বীকার্য। গোটা মরশুম জুড়ে তিনি দলের ডিফেন্সকে দৃঢ়তা দিয়েছেন। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেকেই তাঁকে ক্লাবের অতীতের সফল বিদেশি ডিফেন্ডারদের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। ফলে তাঁকেও ধরে রাখার বিষয়ে ক্লাব যে সর্বোচ্চ চেষ্টা করবে, তা স্বাভাবিক।

সব মিলিয়ে, কেভিন সিবিয়ে, মিগুয়েল এবং মহম্মদ রশিদ— এই তিন বিদেশি ফুটবলারকে কেন্দ্র করেই নতুন মরশুমের পরিকল্পনা সাজাতে পারে ইস্টবেঙ্গল। আর যদি তাঁরা থেকে যান, তবে অস্কার ব্রুজোঁকেও আবার লাল-হলুদের ডাগআউটে দেখা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন মরশুমের আগে তাই আশার আলো দেখছেন ইস্টবেঙ্গল সমর্থকেরা।