আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ সদস্য মিগুয়েলকে দু'ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। সেই সঙ্গে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ক্লাবকে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল পাঁচ নম্বরে লিগে টেবিলের। অনেক কিছুই হতে পারে আইএসএলে। এই পরিস্থিতিতে মিগুয়েলকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করায় ফেডারেশনের উপরে ক্ষুব্ধ ইস্টবঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি বলেন, ''ফেডারেশন নাম বদলে এখন জরিমানা ফেডারেশন করে দেওয়াই উচিত। ফুটবল হয় না। সভাপতি-সচিবকে ফোন করে পাওয়া যায় না। যখন সমস্যায় পড়ে তখন বিভিন্ন সময়ে ফোন আসে। তখন তাঁদের পাশে ফুটবল বাঁচাও বলে থাকতে হয়।''
দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে ইস্টবেঙ্গল। রেফারির ভুল সিদ্ধান্তে ভুগতে হচ্ছে লাল-হলুদকে। এই প্রেক্ষিতে দেবব্রত সরকার বলছেন, ''
দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে যে কর্মযজ্ঞ হচ্ছে, তাতে রাস্তায় নেমে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাড়া উপায় নেই। এই অপদার্থ কমিটি আর না থাকাই বাঞ্ছনীয়।''
ইস্টবেঙ্গলের এখনও পাঁচটি ম্যাচ বাকি। পয়েন্ট খোয়ানো যাবেই না। এরকম পরিস্থিতিতে মিগুয়েলের মতো দলের গুরুত্বপূর্ণ সদস্যকে না পাওয়া লাল-হলুদ শিবিরের জন্য বড় ধাক্কা। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বলেন, ''সব ক্লাবের খেলোয়াড়দের রেড কার্ড তুলে নেওয়ার আপিল করলে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছি, তখনই রেফারি এমন একেকটা কাজ করেন আমরা পিছিয়ে পড়ি। বেঙ্গালুরু ম্যাচে ওই ছেলেটি যে বারবার বর্ণবিদ্বেষী মন্তব্য করছিল সেটা না শুনল রেফারি, না লাইন্সম্যান। চল্লিশ হাজার টাকা ফাইন হল এর পরেও ব্যান করা কি যুক্তিযুক্ত ছিল? আমরা এখন চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছি, এই সময়ে এই সিদ্ধান্ত কি খুব দরকার ছিল?'' প্রশ্ন তোলেন দেবব্রত সরকার। কিন্তু উত্তর দেবেন কে?
















