আজকাল ওয়েবডেস্ক: ডার্বি দিয়ে শুরু হবে ডুরান্ড কাপ। ২৫ জুলাই, শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল পাঁচটায় ম্যাচ। শুক্রবার ডুরান্ড কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হল। ৩১ জুলাই ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচ সিআইএসএফ প্রটেক্টরস ফুটবল ক্লাবের বিরুদ্ধে। কিশোর ভারতীতে সন্ধে সাড়ে সাতটায় খেলা। গ্রুপের শেষ ম্যাচ ৭ অগাস্ট। সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। যুবভারতীতে সন্ধে সাতটায় ম্যাচ। ৪ অগাস্ট মোহনবাগানের পরের ম্যাচ। প্রতিপক্ষ সাউথ ইউনাইটেড এফসি। যুবভারতীতে সন্ধে সাতটায় ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচ ১০ অগাস্ট। সিআইএসএফ প্রটেক্টরস ফুটবল ক্লাবের বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে মোহনবাগান। খেলা শুরু বিকেল ৪টে।
ডুরান্ড কাপে গত কয়েকবছর ধরেই মোহনবাগান, ইস্টবেঙ্গলকে একই গ্রুপে রাখা হচ্ছে। যার ফলে গ্রুপ পর্বেই মুখোমুখি হয় কলকাতার দুই প্রধান। এবারও অন্যত্র নয়। একই গ্রুপে রাখা হয় ইস্ট-মোহনকে। এবার ডুরান্ড ডার্বিই নতুন ফুটবল মরশুমের প্রথম বড় ম্যাচ। এর আগেও ডার্বি দিয়ে ডুরান্ড শুরু করার চেষ্টা হয়। কিন্তু একাধিক ক্ষেত্রে মরশুমের শুরুতেই মুখোমুখি হতে চায়নি দুই প্রধান। কারণ এই টুর্নামেন্টকে প্রাক মরশুম প্রস্তুতি হিসেবে ব্যবহার করে মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ আইএসএলের বাকি ক্লাবগুলো। সাধারণত দলগুলোর প্রাক মরশুম প্রস্তুতি শুরু করার কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যায় এই ঐতিহ্যশালী টুর্নামেন্ট। তাই শুরুতেই যথাযথ প্রস্তুতি ছাড়া ডার্বি খেলতে রাজি হয় না ইস্ট-মোহন। কিন্তু শুক্রবার যে সূচি প্রকাশিত করা হয়েছে, তাতে ডার্বি দিয়ে ডুরান্ড কাপ শুরু করার কথা উল্লেখ রয়েছে।
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ১৬ এবং ১৭ অগাস্ট। দুটো ম্যাচ কলকাতায়। বাকি দুটো ম্যাচ রাঁচি এবং শিলংয়ে। ১৬ অগাস্ট কলকাতার যুবভারতীতে সন্ধে সাতটায় একটি কোয়ার্টার ফাইনাল। পরের দিন, ১৭ অগাস্ট যুবভারতীতে বিকেল ৪টেয় অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেমিফাইনাল ১৯ এবং ২০ অগাস্ট। কলকাতা এবং শিলংয়ে। ফাইনাল ২৩ অগাস্ট যুবভারতীতে। মোট ২৪টি দল নিয়ে হবে ডুরান্ড কাপ। ছ'টি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে চারটি দল রয়েছে। একই গ্রুপে রয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গ্রুপ এ-তে দুই প্রধানের সঙ্গে আছে সিআইএসএফ ফুটবল দল এবং সাউথ ইউনাইটেড এফসি। মহমেডান স্পোর্টিং রয়েছে গ্রুপ বি-তে। তাঁদের গ্রুপে রয়েছে ইন্ডিয়ান আর্মি, বাগপট এফসি এবং সমলেশ্বরি স্পোর্টিং। তবে আসন্ন ডুরান্ড কাপে নেই গতবারের রানার্স ডায়মন্ড হারবার এফসি। আইএসএলের ক্লাবগুলোর মধ্যে খেলবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি।















