আজকাল ওয়েবডেস্ক: ১৩৮ বছরের গৌরবময় ঐতিহ্য এবং ফুটবল আবেগকে সঙ্গী করে আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক ‘ডুরান্ড কাপ’-এর ১৩৫তম সংস্করণ।

ভারতের ঘরোয়া ফুটবলের এটাই প্রথম টুর্নামেন্ট বেশ কয়েক বছর ধরেই। একদিকে যেমন আইএসএলের আগে ডুরান্ড খেলে ক্লাবগুলি নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পায় তেমনই এই টুর্নামেন্টের জৌলুসও বেড়েছে গত কয়েক বছরেও।

২৫ জুলাই থেকে শুরু হয়ে এবারের ডুরান্ড কাপ চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এশিয়ার প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ঐতিহাসিক এই ফুটবল টুর্নামেন্টে এবার অংশ নিতে চলেছে ২৪টি দল।

সাম্প্রতিক বছরগুলিতে ‘ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ’-এর বিস্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে নিজেদের পরিধি বাড়ানোর পাশাপাশি এই প্রতিযোগিতা দেশের প্রথম সারির ক্লাব, সেনাবাহিনী সহ সার্ভিসের দল এবং আগামী দিনের তরুণ ফুটবল প্রতিভাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।

এবার প্রথম ডুরান্ড কাপের আসর বসতে চলেছে রাঁচিতে। মোট পাঁচটি শহরে এবারের ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে। তালিকায় রয়েছে কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল এবং শিলং।

পাঁচটি শহরের মোট ছ’টি স্টেডিয়ামে হবে এবারের ম্যাচগুলি। কলকাতায় খেলা হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। রাঁচিতে বিরসা মুন্ডা স্টেডিয়াম, গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, ইম্ফলে খুমান লাম্পাক স্টেডিয়াম এবং শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি।

অন্যদিকে, গ্রুপ বিন্যাস হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লিগেরও। একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে। অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে আর এক প্রধান মহমেডান স্পোর্টিং।

গ্রুপ এ-তে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পাশাপাশি রয়েছে বিএসএস, ইউনাইটেড স্পোর্টস কলকাতা, মেসারার্স, কালীঘাট এমএস, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, জর্জ টেলিগ্রাফ, বিধাননগর মিউনিসিপালিটি এবং ভবানীপুর।

অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে ইউনাইটেড স্পোর্টস, মহমেডান স্পোর্টিং, পিয়ারলেস, উয়াড়ি, শ্রীভূমি, পুলিশ এসি, কালীঘাট স্পোর্টস লাভার্স, সুরুচি সংঘ, রেনবো, কোল ইন্ডিয়া, এরিয়ান, ডায়মন্ড হারবার এবং ক্যালকাটা পুলিশ।

একই গ্রুপে ইস্ট-মোহন হওয়ায় গ্রুপ পর্বেই হবে ডার্বি।  তবে অংশগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত সুরুচি সংঘ, শ্রীভূমি এবং ডায়মন্ড হারবার আইএফএ-কে আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত জানায়নি।

তাই এই তিনটি দলকে অন্তর্ভুক্ত করেই গ্রুপ বিন্যাস চূড়ান্ত করা হয়েছে। এদিকে, স্থানীয় ফুটবলারদের আরও বেশি সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আইএফএ।

এবারের কলকাতা লিগে প্রথম একাদশে বাধ্যতামূলক ‘ভূমিপুত্র’ ফুটবলারের সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছে। ফলে ক্লাবগুলিকে দল নির্বাচনের ক্ষেত্রে নতুন নিয়ম মেনেই নামতে হবে মাঠে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান একই গ্রুপে থাকায় গ্রুপ পর্ব থেকেই বাড়তি উত্তেজনার পারদ চড়বে বলে মনে করছে ফুটবল মহল। অন্যদিকে, মহমেডান স্পোর্টিংয়ের সামনে গ্রুপ বি-তে অপেক্ষাকৃত ভিন্ন চ্যালেঞ্জ থাকছে। নতুন নিয়ম ও গ্রুপ বিন্যাসকে ঘিরে ইতিমধ্যেই কলকাতার ফুটবল মহলে শুরু হয়েছে জোর চর্চা।