আজকাল ওয়েবডেস্ক: আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচের মেগা টুর্নামেন্টে শেষ দিন পর্যন্ত উত্তেজনা ছিল। শেষ দিন আটটি দলের মধ্যে পাঁচটি দল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ছিল। শেষমেশ ইন্টার কাশীকে পরাস্ত করে ইস্টবেঙ্গল ভারতসেরা হয়।
তার পর মোহনবাগান সুপার জায়ান্টের সোশ্যাল মিডিয়া পেজে কি ইস্টবেঙ্গবলকে কটাক্ষ করা হল?
মোহনবাগান সুপার জায়ান্ট ২০২৩-২৪ মরশুম ও ২০২৪-২৫ মরশুমে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়।
সেই প্রসঙ্গ উল্লেখ করে মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ থেকে লেখা হয়, ''সবাই কি সব পারে?''
মোহনবাগান সুপার জায়ান্ট কি আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে কটাক্ষ করল?
এবারের আইএসএলে শুরুটা বেশ ভাল করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু মাঝপথে তারা দিগভ্রষ্ট হয়। সবাই যখন ধরে নেন, এবারও আইএসএল হাতছাড়া হচ্ছে, ঠিক সেই সময়ই ইস্টবেঙ্গল আবার চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ঢুকে পড়ে।
ডার্বি যে দল জিতত, সেই দলের শো কেসেই ঢুকে পড়ত আইএসএল খেতাব। কিন্তু ইস্ট-মোহনের লড়াই ড্র হয়। ফলে শেষ ম্যাচের বল গড়ানোর আগে লাল-হলুদ ও সবুজ-মেরুন শিবির পয়েন্টের দিক থেকে সমান সমান ছিল। কেবল গোল পার্থক্যে ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়েছিল। শেষ ম্যাচে ইন্টার কাশীকে ইস্টবেঙ্গল পিছিয়ে থেকে ২-১ গোলে পরাজিত করে। অন্যদিকে মোহনবাগান ২-১ গোলে দিল্লিকে পরাস্ত করলেও ইস্টবেঙ্গলই চ্যাম্পিয়ন হয়ে যায়।
এদিন মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ থেকে যে পোস্টটি করা হয়েছে তা কি লেসলি ক্লডিয়াস সরণীর শতাব্দীপ্রাচীন ক্লাবকে কটাক্ষ করে? তা নিয়ে চর্চা চলছে কলকাতা ময়দানে।















