আজকাল ওয়েবডেস্ক: রবিবারের রাতে যখন মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল আইএসএল ডার্বি ঘিরে উত্তাল যুবভারতী, তখন দেশের অন্য প্রান্তে নিঃশব্দে ইতিহাস লিখল বাংলারই আর এক ক্লাব। প্রচারের আলোর বাইরে থেকেও নিজেদের স্বপ্নপূরণের গল্পটা যেন আরও মহাকাব্যিক করে তুলল ডায়মন্ড হারবার এফসি।
নাটকীয়তায় মোড়া ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেই ইন্ডিয়ান ফুটবল লিগের খেতাব জিতে নিল ডায়মন্ড হারবার। আর সেই সঙ্গে ২০২৬-২৭ মরশুমে আইএসএলেক ছাড়পত্র জোগাড় করল। বাংলার ফুটবলে যোগ হল নতুন এক গৌরবগাথা।
খেতাব জয়ের জন্য মাত্র এক পয়েন্টের প্রয়োজন ছিল ডায়মন্ড হারবারের। কিন্তু পথটা মোটেই সহজ ছিল না। ম্যাচের শুরু থেকেই ডেম্পো অনেক বেশি ছন্দময় ফুটবল খেলছিল। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলকে কাজে লাগিয়ে একাধিকবার আক্রমণে উঠে আসে তারা। সেবাস্তিয়ান গুতিয়েরেজের একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে না গেলে শুরুতেই পিছিয়ে পড়তো বাংলার দল।
অন্যদিকে নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল খেলতে পারছিল না ডায়মন্ড হারবার। তবু সেট পিস থেকে মিকেলের শট বারের উপর দিয়ে উড়ে যায়। পরে লম্বা থ্রো থেকে সুযোগ পেয়েও হুগো দিয়াজ গোলকিপার আশিসকে বোকা বানাতে পারেননি।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় কিবু ভিকুনার দল। বক্সের সামনে ফ্রি-কিক থেকে মার্কাস জোসেফের প্রথম শট ওয়ালে আটকে গেলেও ফিরতি বলে জোরালো শটে জালে বল জড়িয়ে দেন তিনি। চলতি মরশুমে সেটাই তাঁর অষ্টম গোল।
গোল খাওয়ার পর বদল আনতে একের পর এক পরিবর্তন করেন কোচ কিবু ভিকুনা। মাঠে নামেন লুকা মাজিয়েন, ব্রাইস মিরান্ডা ও রামদিনথারা। কিন্তু আক্রমণে কাঙ্ক্ষিত ধার ফিরছিল না। বরং গুতিয়েরেজকে কেন্দ্র করে আরও বিপজ্জনক হয়ে উঠছিল ডেম্পো। একবার আবিন কৌয়াকুর হেড অসাধারণ সেভ করে দলকে বাঁচান ধীরাজ সিং।
শেষ দশ মিনিটে প্রবল বৃষ্টি ম্যাচকে আরও কঠিন করে তোলে। কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত অনিশ্চয়তারই আর এক নাম!
রেফারির যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে বদলে যায় সবকিছু। পরিবর্ত খেলোয়াড় গিরিক খোসলার নিখুঁত ক্রস বক্সে ভেসে আসতেই মার্কারকে ফাঁকি দিয়ে দুরন্ত হেডে বল জালে জড়ান হুগো দিয়াজ। আর সেই মুহূর্তেই ইতিহাস লেখা সম্পূর্ণ হয়।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ডায়মন্ড হারবার শিবির। আই লিগ ৩, আই লিগ ২-এর পর এবার আইএফএল-- একের পর এক সাফল্যের সিঁড়ি ভেঙে সরাসরি আইএসএলে পৌঁছে গেল বাংলার এই ক্লাব।
একসময় মোহনবাগানকে আই লিগ জেতানো কিবু ভিকুনার হাত ধরেই এবার নতুন স্বপ্নের দিগন্ত খুলে গেল ডায়মন্ড হারবারের সামনে।















