আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাই সত্যি হল। কবজির চোটের জন্য ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন কার্লোস আলকারাজ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা। গত দু’বারের ট্রফিজয়ী খেলোয়াড়ের এবার হ্যাটট্রিকের সুযোগ ছিল। কিন্তু চোটের জন্য তা এবার হচ্ছে না। যার ফলে প্রতিযোগিতা শুরুর আগেই অন্যতম দাবিদার হিসাবে নামবেন ইতালির জানিক সিনার।
এক বিবৃতিতে আলকারাজ বলেছেন, ‘শারীরিক পরীক্ষা থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতে এই মুহূর্তে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল সাবধানী থাকা এবং রোম ও ফরাসি ওপেনে অংশ না নেওয়া। ভবিষ্যতে শারীরিক পরীক্ষা করানোর পর বুঝতে পারব কবে কোর্টে ফিরতে পারব। আমার কাছে এটা খুব কঠিন মুহূর্ত। তবে এই পরিস্থিতি কাটিয়ে শক্তিশালী হয়ে ফেরার ব্যাপারে আশাবাদী।’
প্রসঙ্গত, গত সপ্তাহে বার্সেলোনা ওপেন থেকে নাম তুলে নিয়েছিলেন আলকারাজ। এর পর ১৭ এপ্রিল মাদ্রিদ ওপেন থেকেও নাম তুলে নেন। তখনই আশঙ্কা তৈরি হয়েছিল ফরাসি ওপেনে তাঁর খেলা নিয়ে। সেটাই সত্যি হল। চোটের কারণে খেলতে পারবেন না সাত বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়।
এদিকে, আলকারাজ না থাকায় ফরাসি ওপেনে এবার সিনার–আলকারাজ দ্বৈরথ দেখার সুযোগ থাকল না। গতবার ফাইনালে সিনারকে দীর্ঘ ৫ ঘণ্টা ২৯ মিনিটের লড়াইয়ে হারিয়েছিলেন তিনি। গত বছর ইউএস ওপেনের ফাইনালেও জিতেছিলেন আলকারাজ। অবশ্য সম্প্রতি আলকারাজকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্স জিতেছিলেন সিনার। বিশ্বের এক নম্বরও হন।
এটা ঘটনা, ফরাসি ওপেনে আলকারাজের রেকর্ড দুর্দান্ত। তাঁর জয়–হারের ব্যবধান ২২-৩। এদিকে, আলকারাজ উইম্বলডনে খেলতে পারবেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।















