আজকাল ওয়েবডেস্ক: টানা দু'টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছে ক্রোয়েশিয়া। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করল ক্রোয়েশিয়া।
২০১৮ সালে রানার্স আপ ও ২০২২ সালে তৃতীয় হওয়া দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ। এটা তাঁর পঞ্চম বিশ্বকাপ।
৪০ বছর বয়সী মদরিচ গত মাসে গালে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে বাধ্য হন। তবে দল ঘোষণার আগে তিনি অনুশীলনে ফিরেছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাকতো দালিচ।
চোট কাটিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার ইওস্কো গাভার্দিওলও। জানুয়ারির পর থেকে মাঠের বাইরে থাকা এই সেন্টার ব্যাক গত সপ্তাহেই ম্যাঞ্চেস্টার এফসির হয়ে মাঠে ফেরেন।
সবশেষ দুই বিশ্বকাপে শেষ চারে ওঠা ক্রোয়েশিয়ার লক্ষ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোচ দালিচ বলেন, প্রথম লক্ষ্য কঠিন গ্রুপ পর্ব পার হওয়া। যদিও নির্দিষ্ট কোনও লক্ষ্য জানাতে চাননি তিনি। দালিচ বলেন, ''আমাদের মান, তারুণ্য ও অভিজ্ঞতা আছে, যা আমাকে আশাবাদী করে তোলে।''
২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়া রয়েছে ‘এল’ গ্রুপে। তাদের প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। এরপর তাদের প্রতিপক্ষ পানামা ও ঘানা।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মাঠে বেলজিয়াম ও স্লোভেনিয়ার বিরুদ্ধে দু'টি প্রীতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া।
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল
গোলকিপার: ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি, ইভোর পান্দুর।
ডিফেন্ডার: ইওস্কো গাভার্দিওল, দুয়ে চালেতা-সার, ইয়োসিপ শুতালো, ইয়োসিপ স্তানিশিচ, মারিন পংরাচিচ, মার্টিন এরলিচ, লুকা ভুশকোভিচ।
মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাচেচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাশিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক।
ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাশালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।














