আজকাল ওয়েবডেস্ক: ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর বাগদত্তা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করতে চলেছেন নিজের জন্ম ও বেড়ে ওঠার দ্বীপ মাদেইরায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পর্তুগালের ফুনশালের একটি ঐতিহাসিক ক্যাথিড্রালে আগামী শনিবার তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছে।

জানা গিয়েছে, ওই ক্যাথিড্রালে বড় একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বুকিং করা হয়েছে। মাদেইরার রাজধানী ফুনশালে সাধারণত বিয়ের অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩টে থেকে। সেই সময়েই রোনাল্ডো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা।

৪১ বছর বয়সী পর্তুগিজ ফুটবল তারকা রোনাল্ডো, যিনি ফুনশালেই জন্মেছেন ও বড় হয়েছেন, বিয়ের পরের অনুষ্ঠানের জন্য কাছেই পাঁচতারা স্যাভয় প্যালাসে হোটেলও বুক করেছেন বলে জানা যাচ্ছে।

একটি সূত্রের দাবি, হোটেলের অতিথিদের জানানো হয়েছে যে শুক্রবার ও শনিবার দুটি তলা এবং বেশ কয়েকটি বার এলাকা বিশেষ ব্যবস্থার কারণে বন্ধ থাকবে।

বর্তমানে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলছেন রোনাল্ডো। ২০১৬ সালে স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার সঙ্গে তাঁর পরিচয় হয়। গত বছরের আগস্টে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন।

সম্প্রতি মায়োরকায় একটি ইয়টে ওঠার সময় দু'জনকে হীরের আংটি পরা অবস্থায় দেখা যায়। এর আগে রোনাল্ডো জানিয়েছিলেন, বিশ্বকাপের পরেই তিনি ও জর্জিনা বিয়ের পরিকল্পনা করছেন। পর্তুগাল সেই বিশ্বকাপে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে হেরে বিদায় নেয়।

এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছিলেন, “আমি আশা করি, বিয়েতে আমি বিশ্বকাপের ট্রফি নিয়েই আসব।”

তিনি আরও জানিয়েছিলেন, জর্জিনাই একমাত্র নারী, যার সঙ্গে তিনি সত্যিই স্থায়ী সম্পর্ক ও সংসার করার কথা ভেবেছেন।