আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের ঠিক প্রাক্কালে ভক্তদের মনে আতঙ্ক ধরিয়ে দিলেন রোনাল্ডো। নাইজেরিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে জঘন্য ফর্ম। একদিকে যখন চোট সারিয়ে মাঠে ফিরেই ফুল ফোটান মেসি, সেখানে একেবারে বিপরীত সরণিতে আরেক বিশ্বতারকা। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন সিআরসেভেন। আফ্রিকার দলের বিরুদ্ধে একাধিক সিটার নষ্ট করেন। যদিও রোনাল্ডোর জঘন্য পারফরম্যান্স সত্ত্বেও নাইজেরিয়াকে ২-১ গোলে হারায় পর্তুগাল। তবে তারকা ফুটবলারের এমন ফর্ম বিশ্বকাপ শুরুর আগে চিন্তায় ফেলবে ভক্তদের। গ্রুপ কে-তে রয়েছে পর্তুগাল। ১৭ জুন ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর বিরুদ্ধে যাত্রা শুরু করবে পর্তুগাল।
ওয়ার্ম আপ ম্যাচে এমন বিশ্রী পারফরম্যান্সের পর প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ তাঁকে সামনে রেখে পর্তুগালের আক্রমণ সাজানো নিয়ে। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোল সংখ্যা রোনাল্ডোর। প্রাক্তন ম্যান ইউ এবং রিয়াল মাদ্রিদের তারকার গোল সংখ্যা ১৪৩। কিন্তু ওয়ার্ম আপ ম্যাচে গোল সংখ্যা বাড়াতে পারেনি। সতীর্থরা একের পর এক গোলের ঠিকানা লেখা পাস বাড়ায়। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি পর্তুগিজ তারকা। অবশেষে ৬৫ মিনিটে তাঁকে তুলে নেন রবার্তো মার্টিনেজ। এমনকী রোনাল্ডোর কয়েকটি টাচ সমর্থকদের অবাক করে। আল নাসেরের হয়ে ৩০ ম্যাচে ২৮ গোল করা ফুটবলারকে মাঝেমধ্যে দেখে শিক্ষানবিশ মনে হয়। ৪১ বছর বয়সে এই পর্যায় এখনও খেলার ক্ষমতা আছে কিনা সেটা আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে।
ম্যাচের ২৩ মিনিটে পেদ্রো নেটোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। প্রথমার্ধের শেষে এক গোলে এগিয়ে ছিল মার্টিনেজের দল। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে সমতা ফেরায় নাইজেরিয়া। গোল করেন আকর অ্যাডামস। ম্যাচের ৭৫ মিনিটে জয়সূচক গোল করেন ফ্রান্সিসকো কন্সেসাও। রোনাল্ডোকে তুলে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোল পায় পর্তুগাল। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অভিযান শুরু করবে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে উজবেকিস্তান এবং কলম্বিয়ার মুখোমুখি হবে রোনাল্ডোরা।















