আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিল আইসিসি। জানা গিয়েছে, টেস্ট ক্রিকেটের কাঠামো থেকে শুরু করে ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের যোগ্যতা নির্ধারণ নিয়েও বড় ঘোষণা আসতে চলেছে শীঘ্রই।
জানা গিয়েছে, দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে। চলতি মাসের শেষ দিকে বোর্ডের বৈঠকে এই বিষয়গুলি নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা। ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে আইসিরির বৈঠক মূলত ২৫–২৭ মার্চ কাতারের দোহায় হওয়ার কথা ছিল।
তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় সেই বৈঠক বাতিল হয়। পরে ভার্চুয়াল বৈঠক হলেও তা মূলত প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি স্থগিত রাখা হয়।
ক্রিকেট ফিনান্সিয়াল জার্নালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৯ দল থেকে বাড়িয়ে ১২ দলে আয়োজন করার প্রস্তাব সামনে এসেছে। আইসিসির বৈঠকে এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে ২০২৭ সালের জুলাই থেকে শুরু হওয়া নতুন চক্রে আফগানিস্তান, জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে দুটি স্তরে ভাগ করার প্রস্তাব উঠলেও তা সমর্থন পায়নি। বিশেষ করে ছোট দেশগুলির ক্রিকেট বোর্ডগুলি দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্তের বিরোধিতা করে।
আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটি এই সম্প্রসারণের প্রস্তাবে নীতিগত সমর্থন জানিয়েছে বলে জানা গেছে। যদিও কিছু প্রভাবশালী ক্রিকেট বোর্ড এখনও চূড়ান্ত সম্মতি দেয়নি।
পাশাপাশি আগামী ফিউচার টুরস প্রোগ্রাম নিয়েও আলোচনা চলছে। যেখানে প্রতিটি দলের জন্য ন্যূনতম টেস্ট ম্যাচ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। উদীয়মান দেশগুলোতে বড় দলগুলোর সফর বাড়াতে অন্তত একটি করে টেস্ট ম্যাচের অন্তর্ভুক্তির কথাও ভাবা হচ্ছে।
অন্যদিকে, ২০২৮ সামার অলিম্পিক্সে ক্রিকেটের যোগ্যতা অর্জনের কাঠামোও প্রায় চূড়ান্ত পর্যায়ে। পুরুষ ও মহিলা দুই বিভাগেই ছ’টি করে দল অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
এশিয়া, ওশিয়ানিয়া, ইউরোপ ও আফ্রিকার শীর্ষ দলগুলির পাশাপাশি আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেবে। শেষ একটি স্থান নির্ধারিত হবে ২০২৭ সালে অনুষ্ঠিত গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে।
সেখানে পরের দিকের সেরা দলগুলো অংশ নেবে। চলতি বছরের শেষ দিকে এডিনবরায় আইসিসির বার্ষিক সম্মেলনের আগেই এই সিদ্ধান্তগুলি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।















