আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ জিততে না জিততেই সমস্যায় হার্দিক পাণ্ডিয়া। জাতীয় পতাকা অবমাননার দায়ে ভারতীয় দলের অলরাউন্ডারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পুণেতে শিবাজি নগর পুলিশ স্টেশনে হার্দিকের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন ওয়াজেদ খান নামক এক আইনজীবী। তাঁর অভিযোগ, বিশ্বকাপ জেতার পর জাতীয় পতাকার অবমাননা করেছেন হার্দিক। অভিযোগে তিনি লিখেছেন, বিশ্বকাপ জয়ের পর গায়ে জাতীয় পতাকা জড়িয়ে অশ্লীল আচরণ করেছেন হার্দিক। অভিযোগে লেখা হয়েছে, ‘হার্দিকের এই কাজ সংশ্লিষ্ট আইনের অধীনে একটি অপরাধ। তাই আইনি ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় পতাকার মর্যাদাকে সম্মান করা প্রতিটি নাগরিকের কর্তব্য।’
এটা ঘটনা, হার্দিক এবারের টি–২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। দুটি অর্ধশতরান রয়েছে। তার মধ্যে নামিবিয়ার বিরুদ্ধে ২৮ বলে ৫২ করেছিলেন। প্রয়োজনের সময় বল হাতে উইকেট নিয়েছেন। টুর্নামেন্টে তাঁর উইকেট সংখ্যা নয়। খেলা শেষে হার্দিক বলেছিলেন, ‘এটা আমাদের কর্তৃত্বের সবে শুরু হল।’
তিনি আরও বলেছিলেন, ‘২০২৪ সালে বার্বাডোজের ফাইনাল জেতার পর নিজেকেই বলেছিলাম, যে টুর্নামেন্ট খেলব সেখানেই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়টা তারই প্রমাণ। আর এ তো সবে শুরু।’
বিশ্বকাপের সেরা একাদশে হার্দিকও আছেন। আছেন আরও তিন ভারতীয়।
এদিকে, আইপিএলের এক দফা সূচি প্রকাশিত হয়েছে। বুধবার। আপাতত ১২ এপ্রিল অবধি সূচি প্রকাশিত হয়েছে। আইপিএল শুরু হবে ২৮ মার্চ। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে সানরাইজার্স হায়দরাবাদে। খেলা হবে চিন্নাস্বামীতে।
সেই চিন্নাস্বামী যেখানে ২০২৫ আইপিএল জয়ের পর আরসিবির বিজয়োৎসবে ঘটে গিয়েছিল পদপিষ্টের মতো মর্মান্তিক দুর্ঘটনা। মারা গিয়েছিলেন প্রায় ১১ জন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে আরসিবি এবং বিসিসিআই।
এবছর চিন্নাস্বামীতে আরসিবি পাঁচটি হোম ম্যাচ খেলবে। আর বাকি দুটি হোম ম্যাচ খেলবে রায়পুরে। যদিও চিন্নাস্বামীতে পাঁচটি ম্যাচ হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বেঙ্গালুরুতে যে ম্যাচগুলি রয়েছে, সেগুলি হওয়া নির্ভর করছে কর্নাটক সরকারের বিশেষজ্ঞ কমিটির ক্লিয়ারেন্সের উপর। এই কমিটি শুক্রবার চিন্নাস্বামী পরিদর্শন করবে। তারপর বৈঠক করবে। তারপর সিদ্ধান্ত নেবে। চিন্নাস্বামী আদৌ খেলার উপযুক্ত কিনা সেই রিপোর্ট এলেই সেখানে ম্যাচ আয়োজন করা হবে।’
